অস্ট্রেলিয়ার চাকরি ছাড়লেন হাথুরুসিংহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্ডিকা হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহে

নাটকীয় কিছু না ঘটলে চন্ডিকা হাথুরুসিংহেই হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন কোচ৷ যদিও বিসিবি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে তাঁর বাংলাদেশে আসার বিষয়টি যে এখন কেবল সময়ের ব্যাপার, সেটা বোঝা গেল বর্তমান চাকরি ছাড়ার খবরে। বাংলাদেশ দলে যোগ দিতেই তিনি ছেড়ে দিয়েছেন তাঁর বর্তমান দল সিডনি থান্ডারের দায়িত্ব। দলটির নিজস্ব ওয়েবসাইটেই আজ এ খবর প্রকাশ করা হয়েছে।

থান্ডারের জেনারেল ম্যানেজার নিক কামিনস তাঁর কাজের প্রশংসা ও শুভকামনা জানিয়ে বলেছেন, ‘গত মৌসুমে সিডনি থান্ডারের জন্য চন্ডিকার আত্মনিবেদন ও দায়িত্ববোধের জন্য ধন্যবাদ জানাই। তিনি অসাধারণ কোচ। আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে অনেক কাজের সুযোগ পেয়েছেন। তাঁর প্রস্থানের পর উত্তরসূরি হিসেবে যোগ্যতম ব্যক্তিকে নিয়োগ দিতে বিশ্বব্যাপী সন্ধান চালানো হবে। এ মুহূর্তে কয়েকজন হাই-প্রোফাইল কোচের সঙ্গে কথা বলেছি। এখন প্রধান কাজ হবে সেরা সম্ভাব্য কোচ বের করা।’

হাথুরুসিংহের বাংলাদেশের কোচ হওয়ায় দারুণ উত্ফুল্ল ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের প্রধান নির্বাহী অ্যান্ড্রু জোনস। বললেন, ‘চন্ডিকার মতো কোচ চলে যাওয়ায় আমরা দুঃখিত। তবে এটি তাঁর জন্য বিরাট সুযোগ। তাঁর দক্ষতা ও যোগ্যতার অনেক বড় স্বীকৃতি। এনএসডব্লিউ ব্লুজ ও থান্ডারের হয়ে অসাধারণ কাজ করেছেন তিনি।’

২০১২ সালের সেপ্টেম্বরে নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ হিসেবে যোগ দেন হাথুরুসিংহে৷ বাংলাদেশ দলে যোগ দেওয়ার আগ পর্যন্ত প্রধান কোচ ছিলেন সিডনি থান্ডারের৷