অস্ট্রেলিয়ার দুর্দিনে ওয়াহর দাওয়াই

ড্যারেন লেহম্যানের কথাটা স্টিভ ওয়াহর পছন্দ হয়নি। অ্যাশেজ ব্যর্থতার পর দলে প্রথম ছয় ব্যাটসম্যানের স্থান শঙ্কার মধ্যে বলে যে মন্তব্যটি করেছেন অস্ট্রেলিয়ার কোচ, তা নিয়ে দ্বিমত পোষণ করলেন অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল এই অধিনায়ক।
মাথার মধ্যে সারাক্ষণ বাদ পড়ার কথা ঘুরতে থাকলে কারও পক্ষেই ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলে মনে করেন ওয়াহ। কোচ লেহম্যানের মন্তব্য অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করবে বলে অভিমত তাঁর।
অ্যাশেজে ব্যর্থতার ঘানি টানা অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা ষোলোকলা পূর্ণ করেন ডারহাম টেস্টের দ্বিতীয় ইনিংসে। অভাবনীয় ব্যাটিং ব্যর্থতা টানা তৃতীয়বারের মতো ইংল্যান্ডের হাতে তুলে দেয় গর্বের অ্যাশেজ।
অস্ট্রেলিয়ার পক্ষে ১৬৮টি টেস্ট খেলেছেন ওয়াহ। নিজের অভিজ্ঞতা থেকেই তিনি কথা বলেছেন ব্যাটসম্যানদের পক্ষে, ‘দলের শীর্ষ ছয় ব্যাটসম্যানকে নিয়েই হারানো সম্মান পুনরুদ্ধার করতে হবে। এদের ওপর খড়্গ ঝুলিয়ে দিয়ে নয়।’ একই সঙ্গে তিনি সমালোচনামুখর হয়েছেন নির্বাচনী নীতিমালা নিয়ে, ‘ফিল হিউজের কথাই ধরুন। ২০ টেস্টের ক্যারিয়ারে তাকে বিভিন্ন স্থানে ব্যাট করতে পাঠানো হয়েছে। ব্যাটিংয়ের স্থানে সে কখনো স্থিরতা পায়নি। ফলে তাকে বারবার দল থেকে বাদ দেওয়া হয়েছে। এমন নীতি নিয়ে চলতে থাকলে তা খেলোয়াড়দের পারফরম্যান্সে বাজে প্রভাব রাখতে বাধ্য।’
উসমান খাজার ব্যাপারেও একই ধারণা ওয়াহর। পাকিস্তানি বংশোদ্ভূত এই বাঁহাতি ব্যাটসম্যানও নিজের খেলাটা খেলতে পারছেন না কেবল অনিশ্চয়তার কারণে। নির্বাচকদের তাই একটু ধৈর্যশীল হওয়ার পরামর্শ ওয়াহর, ‘নির্বাচকদের এখন বেশ ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। শীর্ষ ছয়-সাতজন ব্যাটসম্যানের বেলায় সহনশীল হতে হবে। ওদের জানিয়ে দিতে হবে, আস্থা ও বিশ্বাসের কথা। মাথা থেকে দূরে ঠেলে দিতে হবে অনিশ্চয়তা। তবেই সাফল্য মিলবে। তারা পারফর্ম করতে শুরু করবে।’
নিজের জীবন থেকেই কথাগুলো বলছেন ওয়াহ। অধিনায়কের ক্যারিয়ারে শুরুতেই সাফল্য পাননি অস্ট্রেলিয়ার অন্যতম এই কিংবদন্তি ক্রিকেটার। নিজের ১৩তম টেস্টে এসে জয়ের দেখা পেয়েছিলেন। প্রথম সেঞ্চুরি পেতে অপেক্ষা করেছেন ২৬তম টেস্ট পর্যন্ত। এই অভিজ্ঞতা থেকে ওয়াহ বলছেন, শুরুর ব্যর্থতা দেখেই যদি তাঁকে নির্বাসন দিয়ে দিতেন নির্বাচকেরা, অস্ট্রেলিয়া কি পেত তাঁর মতো এমন একজনকে? ‘আমার ওপর নির্বাচকেরা বিশ্বাস ও আস্থা রেখেছিলেন। আমি ধীরে ধীরে সেই আস্থার প্রতিদান দিয়েছি।’ বলেছেন তিনি।
নির্বাচকদের আস্থার প্রতিদান ওয়াহ কীভাবে দিয়েছিলেন, সেটা তো ইতিহাসই। ক্যারিয়ার শেষে তিনি অস্ট্রেলিয়ার সফলতম ব্যাটসম্যানদের একজন। ৫১.০৬ গড়ে ক্রিকেট জীবনে যাঁর মোট রান ১০ হাজার ৯২৭। অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার রেকর্ড গড় টানা ১৬ জয়ের ১৫টিতে দিয়েছেন নেতৃত্ব।
টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের আধিক্যকেও তিনি অস্ট্রেলিয়ার বর্তমান অবস্থার জন্য দায়ী করতে চান, ‘অতিরিক্ত টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ ব্যাটসম্যানদের সঠিকভাবে প্রস্তুত হতে দেয় না। আমাদের দেশে যথেষ্ট প্রতিভা রয়েছে। কিন্তু ছোট দৈর্ঘ্যের ক্রিকেটের কারণে তাঁরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে নিজেদের তৈরি করতে পারছে না।’
টেস্ট ক্রিকেট নিয়ে ওয়াহর উপলব্ধিও নিজের জীবন থেকেই, ‘টেস্ট ক্রিকেট একজন ক্রিকেটারকে প্রতিটি বিভাগে পরীক্ষার সম্মুখীন করে। শারীরিক, মানসিক ব্যাপার তো আছেই, ক্রিকেটারদের মধ্যে ক্রিকেটীয় আবেগটাও তৈরি করে দেয় এই টেস্ট ক্রিকেট। যেকোনো একটি বিভাগে যদি কোনো খেলোয়াড় পিছিয়ে থাকে, তাহলে তার ক্রিকেট জীবন পূর্ণতা পায় না কোনোদিনই।’ সূত্র: ওয়েবসাইট।