অস্ট্রেলিয়ার যন্ত্রণা বাড়াল বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে চিত্পটাং ক্লিন্ট ম্যাকাই। বোলিংয়েও নিজেকে নিংড়ে দিচ্ছিলেন অস্ট্রেলিয়াকে ভূপাতিত হওয়া থেকে বাঁচাতে। নিউজিল্যান্ডের প্রথম দুটি উইকেটই নিয়েছেন এই পেসার  ষ রয়টার্স
নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে চিত্পটাং ক্লিন্ট ম্যাকাই। বোলিংয়েও নিজেকে নিংড়ে দিচ্ছিলেন অস্ট্রেলিয়াকে ভূপাতিত হওয়া থেকে বাঁচাতে। নিউজিল্যান্ডের প্রথম দুটি উইকেটই নিয়েছেন এই পেসার ষ রয়টার্স

আর দিন শেষে তো অস্ট্রেলিয়াকে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছে আবহাওয়া। পুঁজি মাত্র ২৪৩ রান, মাঝারি মানের এই সংগ্রহ নিয়ে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিল বর্তমান চ্যাম্পিয়নরা। ২৬ রানেই নিউজিল্যান্ডের দুই ওপেনারকে আউট করে দলকে স্বপ্ন দেখাচ্ছিলেন পেসার ক্লিন্ট ম্যাকাই। কিন্তু বাদ সাধল আবহাওয়া। অঝোর বৃষ্টি ঝরিয়ে ম্যাচটা পণ্ডই করে দিল। নিউজিল্যান্ড ১৫ ওভারে ৫১ রান তুলতেই নেমেছিল বৃষ্টি। সেটা আর থামেনি। তাই পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হলো দুই দল। ফলে সেমিফাইনালে ওঠাটা অনিশ্চিত হয়ে গেল অস্ট্রেলিয়ার। ২ ম্যাচে ১ পয়েন্ট, ১৭ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচটা অস্ট্রেলিয়ার জন্য হতে পারে শুধুই আনুষ্ঠানিকতার ম্যাচ। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিউজিল্যান্ডের।

ওয়ার্নার-বিতর্কের প্রভাব ছিল কি না বলা মুশকিল, তবে এজবাস্টনে কাল টস জিতে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ গড়তে পারেনি অস্ট্রেলিয়া। মিডল অর্ডারে ভোজেস-বেইলির জোড়া ফিফটি আর শেষে গ্লেন ম্যাক্সওয়েলের ছোট্ট একটা ঝড়ে তুলতে পেরেছে ২৪৩।

ক্লার্ক-ওয়ার্নার না থাকায় অস্ট্রেলিয়া দলে কাল সত্যিকার ম্যাচ জেতানোর ক্রিকেটার ছিলেন একজনই। সেই শেন ওয়াটসন আউট হলেন সবার আগে। মিচেল ম্যাকক্লিনাঘানের আউটসুইঙ্গারে ধরা পড়লেন একসময়ের সতীর্থ লুক রনকির গ্লাভসে। এই ধাক্কা সামলে না উঠতেই গাপটিলের দুর্দান্ত থ্রোতে রানআউট ফিল হিউজ। তৃতীয় উইকেটে ৬৪ রানের জুটিতে ধাক্কাটা সামাল দিলেন জর্জ বেইলি। ইনিংসটা গতি পায় অধিনায়কের সঙ্গে ভোজেসের জুটিতে। চতুর্থ উইকেটে ১৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন দুজন। টানা দ্বিতীয় ফিফটি করা বেইলি নাথান ম্যাককালামকে সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন ব্যাটিং পাওয়ার প্লের ঠিক আগের বলে।

ভোজেস শুরু থেকেই ছিলেন স্বচ্ছন্দ। পঞ্চাশ ছুঁয়েছেন ৫৩ বলে। শেষ ১০ ওভারে মাত্র ৬১ রান তুলতে পারে অস্ট্রেলিয়া, সেটাও উইলিয়ামসনের এক ওভারে ম্যাক্সওয়েল ১৮ নিতে পেরেছিলেন বলে। রান একটু বেশি দিলেও উইকেট শিকারে আবারও সফলতম ম্যাকক্লিনাঘান। টানা দুই ম্যাচে ৪ উইকেট। গড়েছেন দু-দুটি রেকর্ড। এই নিয়ে চারবার ৪ উইকেট পেলেন প্রথম ৯ ম্যাচেই, ছাড়ালেন মিচেল স্টার্ককে (১১ ম্যাচ)। আর ৯ ম্যাচে ম্যাকক্লিনাঘানের উইকেট এখন ২৬টি, প্রথম ৯ ম্যাচে আগের সর্বোচ্চ শিকার ছিল মেন্ডিস-ক্রেমার-গিবসনের ২৩ উইকেট। ওয়েবসাইট।