অস্ট্রেলিয়া কী কঠিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যাটট্রিক করেও অস্ট্রেলিয়াকে জেতাতে পারেননি জশ হ্যাজলউড। তবে একটা বার্তা দিয়েছেন—টি-টোয়েন্টি ক্রিকেটেও কতটা ভয়ংকর তিনি হতে পারেন। কিন্তু হ্যাজলউড উল্টো অস্ট্রেলিয়ার একাদশে জায়গা পাবেন কি না ভাবছেন সেটি নিয়েই! অস্ট্রেলিয়া ক্রিকেট দলে এখন এমনই সুস্থ প্রতিযোগিতা চলছে যে হ্যাটট্রিক করার পরও হ্যাজলউডকে বলতে হচ্ছে, চূড়ান্ত একাদশে তাঁর জায়গা নিশ্চিত নয়। ‘চূড়ান্ত একাদশে কারা খেলবে সেটা হয়তো তাদের ভাবনাতেই আছে। কিন্তু সুযোগ মিললে, সেটিকে দুই হাতে লুফে নিতে হবে, ভালো করতেই হবে। প্রস্তুতি ম্যাচে দুজন বোলিংয়ের সুযোগই পায়নি, আর দলে আছে আরও এমন দুজন পেসার, যারা দক্ষিণ আফ্রিকা সফরে খুবই ভালো করেছে। দলে প্রতিটি জায়গার জন্যই জোর প্রতিদ্বন্দ্বিতা। কাজেই কী হয়, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে’—অস্ট্রেলিয়া একাদশে জায়গা পাওয়া কতটা কঠিন সেটাই বোঝালেন হ্যাজলউড।
অস্ট্রেলিয়া দলে জায়গা করে নেওয়াটা কতটা কঠিন সেটা অ্যারন ফিঞ্চেরও অজানা নয়। টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান হয়েও দলে নিজের জায়গাটি নিয়ে অনিশ্চিত অস্ট্রেলিয়ান ওপেনার, ‘সত্যি বলতে কী আমি নিশ্চিত নই। আমি শুধু আর সবার মতো প্রস্তুত থাকি, যাতে ডাক পেলে সাড়া দিতে পারি।’ ক্রিকবাজ, ক্রিকইনফো।