অস্ট্রেলিয়া কেনিয়ার চেয়ে ভালো দল: পন্টিং
আলোচনার কেন্দ্রীয় চরিত্র হয়ে রয়েছেন লঙ্কান স্পিড স্টার লাসিথ মালিঙ্গা। দুরন্ত সব ইয়র্কারে গত ম্যাচেই উড়িয়ে দিয়েছিলেন কেনিয়ার ব্যাটিংকে। বিশ্বকাপে নিজের দ্বিতীয় হ্যাটট্রিকটি যেন তাঁর পায়েই লুটিয়ে পড়ল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ ‘এ’র গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগেও যেন বারবার ঘুরে ফিরেই আসছে তাঁর বীরত্ব গাঁথা।যেহেতু গত ম্যাচের হিরো। মালিঙ্গাকে নিয়ে তাই আলোচনা থাকতেই পারে। কিন্তু, কেনিয়ার মতো তিনি অস্ট্রেলিয়াকেও উড়িয়ে দেবেন—এ ভাবনাটিকেই মেনে নিতে পারছেন না অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টি। কিছুটা রসিকতার ছলেই তিনি বলেছেন, ‘আমরা কিন্তু কেনিয়ার চেয়ে একটু ভালো দল।’ কথাটা কৌতুকোদ্দীপক হলেও পন্টিং এর ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেন, ‘একটি ব্যাটিং ইউনিট হিসেবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল কেনিয়ার চেয়ে মালিঙ্গার ওপর চাপটা বেশি প্রয়োগ করতে পারবে। কারণ, আমরা তো কেনিয়ার চেয়ে একটু হলেও এগিয়ে আছি।’কেবল অধিনায়ক পন্টিংই নন, দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ ডেভিড হাসিও জানিয়েছেন, মালিঙ্গাকে নিয়ে অসি দলে কোনো ভীতি কাজ করছে না। তিনি বলেছেন, ‘মানছি ইনিংসের শেষ দিকে পুরোনো বলে মালিঙ্গা খুবই কার্যকর বোলার। তবে সে অনেকটা আমাদের শন টেইটের মতোই। মালিঙ্গার বলগুলো তীব্রগতিতে আপনার দিকে সোজাই আসবে। তাঁকে কীভাবে মোকাবিলা করতে হবে, তার একটা প্রস্তুতি অবশ্যই আমাদের রয়েছে।’এদিকে অস্ট্রেলীয় খেলোয়াড়েরা যতই মালিঙ্গাকে খেলার প্রস্তুতির কথা বলুন না কেন, মেঘলা আবহাওয়ায়ই তাঁদের আজ মালিঙ্গাকে খেলতে হবে। সেটা হলে অবশ্যই অসিদের প্রস্তুতি পরীক্ষার সম্মুখীন হবে। আজ শনিবার কলম্বোর আকাশ মেঘলা থাকার আশঙ্কার কথা জানিয়েছে লঙ্কান আবহাওয়া দপ্তর। আর, মেঘলা কন্ডিশনে মালিঙ্গাকে খেলা যে কষ্টকর, সে ব্যাপারে অস্ট্রেলিয়াকে সাবধান করে দিয়েছেন অনেক বিশ্লেষকই।অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে অন্যদের তাঁর দলের শক্তিও পরখ করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের রয়েছে, ব্রেট লি, জনসন, টেইটের মতো অসাধারণ গতি সম্পন্ন কয়েকজন বোলার। যারা অবশ্যই প্রতিপক্ষের ওপর দারুণ চাপ সৃষ্টি করতে পারে।’ তবে শ্রীলঙ্কার শক্তির প্রতিও তাঁর যথেষ্টই শ্রদ্ধা রয়েছে। পন্টিংয়ের মতে, শ্রীলঙ্কার ব্যাটিং সত্যিই বিশ্বের অন্যতম সেরা। সবচেয়ে বড় ব্যাপার নিজেদের মাটিতে এই দলটিকে হারানো খুবই কষ্টকর একটি কাজ। ওয়েবসাইট।