অস্ট্রেলিয়া ঘায়েলের ইংলিশ কৌশল
প্রথম টেস্ট হবে ব্রিসবেনে আর ইংল্যান্ডকে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে হবে হোবার্টে। এটা কি উইকেটকে ইংলিশদের কাছ থেকে লুকিয়ে রাখার অস্ট্রেলীয় ‘ষড়যন্ত্র’! তা যদি করেও থাকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডও কম যাচ্ছে না। ব্রিসবেনের কন্ডিশন বুঝতে প্রস্তুতি ম্যাচ ফেলে মূল বোলারদের পাঠিয়ে দেওয়া হচ্ছে সেখানে। হোবার্টে আগামীকাল শুরু হচ্ছে ইংল্যান্ডের শেষ প্রস্তুতি ম্যাচ। চার দিনের এই ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ‘এ’ দল। আর ২৫ নভেম্বর থেকে ব্রিসবেনে শুরু হচ্ছে অ্যাশেজের প্রথম টেস্ট।সেই টেস্টের কন্ডিশন বুঝে নিতে আগেই ব্রিসবেনে পাঠিয়ে দেওয়া হচ্ছে পেসার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন ও স্পিনার গ্রায়েম সোয়ানকে। এঁদের বদলে চার দিনের ম্যাচটিতে খেলবেন ক্রিস ট্রেমলেট, টিম ব্রেসনান, আজমল শেহজাদ ও মন্টি পানেসার। এই চার বোলার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেই খেলেছেন। দুটি ম্যাচে তাঁদের পারফরম্যান্স দেখে ইংলিশ ম্যানেজমেন্টের মনে হয়েছে এঁদের এখন একটু বিশ্রামও দেওয়া যেতে পারে। ওয়েবসাইট।