অস্ট্রেলিয়া দলে আরও দুই নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐ নূতনের কেতন ওড়ে! এটাই এখন অস্ট্রেলিয়া দলের স্লোগান। অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন ক্যাপটি ছিল চরম দুষ্প্রাপ্য, পরম আরাধ্য। সেই অস্ট্রেলিয়া দলে এ বছর টেস্ট অভিষেক হয়েছে নয়জনের। গত কয়েক মাসে টেস্ট দলে এসে নজর কেড়েছেন প্যাট কামিন্স, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নাররা। নতুনের আগমনধ্বনি বাজিয়ে টেস্ট দলে ঢুকে গেলেন এড কাওয়ান আর ড্যানিয়েল ক্রিস্টিয়ানও। ভারতের বিপক্ষে ২৬ ডিসেম্বর শুরু বক্সিং ডে টেস্টের ১৩ জনের দলে আছেন এই দুজন।দক্ষিণ আফ্রিকা সফর থেকে চোট নিয়ে ফেরা শন মার্শ প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত সেরে ওঠায় দলে ডাক পেয়েছেন। তবে ফিটনেস পরীক্ষায় তাঁকে উতরাতে হবে। এর আগে আজ বিগ ব্যাশে পার্থ স্কোর্চার্সের হয়ে মাঠেও নামছেন মার্শ। সেখানে ভালো করা মানেই মেলবোর্ন টেস্টের একাদশে জায়গা নিশ্চিত করে ফেলা।মার্শ ফিটনেস পরীক্ষায় উতরাতে না-পারলে টেস্ট অভিষেক হয়ে যাবে কাওয়ানের। ভারতের বিপক্ষে কাল শেষ হওয়া প্রস্তুতি ম্যাচেও সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি। বড় দৈর্ঘ্যের ম্যাচে যেটি তাঁর টানা চতুর্থ সেঞ্চুরি! চোটের কারণে দলে জায়গা পাননি শেন ওয়াটসন। ওয়াটসনের মতোই পেস বোলিং অলরাউন্ডার বলে ক্রিস্টিয়ানও টেস্ট অভিষেকের দোরগোড়ায়। ১৩ জনের দলে জায়গা পাননি ফিলিপ হিউজ আর উসমান খাজা।২৯ বছর বয়সী কাওয়ান অবশ্য বক্সিং ডে টেস্টে খেলছেন ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছেন, ‘খেলবেন না এটা ধরে নিয়ে প্রস্তুতি নেওয়া তো বোকামি। জানি না শনের পিঠের অবস্থা এখন কেমন। শন আশা করি ফিট হয়ে উঠবে, এর পর দল কী হবে সেটা তখন দেখা যাবে। আমি আপাতত দলের অংশ হতে পেরেই রোমাঞ্চিত। আমার ফর্ম বেশ ভালো যাচ্ছে, আশা করি বক্সিং ডে টেস্টে সুযোগ পেলে সেটি অব্যাহত থাকবে।’গত চার সপ্তাহে চারটি সেঞ্চুরি করেছেন বলেই আলোচনায়। তবে নিউ সাউথ ওয়েলসে জন্ম নেওয়া তাসমানিয়ার এই ব্যাটসম্যান জানালেন, ‘চার সপ্তাহে চারটি সেঞ্চুরি করেই টেস্ট দলে ডাক পেয়েছি—ব্যাপারটা এমন নয়। আসলে আড়াই বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে আমার ভালো ফর্ম। এ সময় নয়টি ফার্স্ট ক্লাস সেঞ্চুরি আছে আমার।’ এএফপি।অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধি.), এড কাওয়ান, ডেভিড ওয়ার্নার, শন মার্শ, রিকি পন্টিং, মাইক হাসি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ব্র্যাড হাডিন, পিটার সিডল, জেমস প্যাটিনসন, বেন হিলফেনহস, মিচেল স্টার্ক, নাথান লায়ন।