অস্ট্রেলিয়া দলে এক আদিবাসী
প্রথম টেস্ট অস্ট্রেলিয়া জিতেছে খুব সহজেই। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়ের ব্যবস্থাও করে ফেলেছে তারা। হোবার্ট টেস্টের দলে ডাকা হয়েছে ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে। এবার হোবার্টে তাঁর মাথায় ব্যাগি গ্রিন ক্যাপটা তুলে দিলেই হয়, জয় নিশ্চিত! কীভাবে, ভেবে অবাক হচ্ছেন? জেনে রাখুন, অস্ট্রেলিয়ার সর্বশেষ তিন টেস্ট জয়ে বড় অবদান তিন অভিষিক্ত ক্রিকেটারের। গলে অভিষেকে ৫ উইকেট পেয়েছিলেন নাথান লায়ন, জোহানেসবার্গে প্যাট্রিক কামিন্স আর ব্রিসবেনে জেমস প্যাটিনসন। ক্রিস্টিয়ান তাহলে আর বাদ থাকবেন কেন!অস্ট্রেলিয়ান অভিষিক্তদের যে পারফরম্যান্স, তাতে নতুন আরেকজন বোলারকে ডাকার কথা ভাবতেই পারে তারা! তবে ক্রিস্টিয়ানকে ডাকা হয়েছে ক্রিকেটীয় কারণেই। চোটের কারণে নেই শেন ওয়াটসন। ব্রিসবেনে পঞ্চম বোলারের কাজ চালাতে হয়েছে মাইক হাসিকে দিয়ে। হোবার্টে প্যাটিনসন-স্টার্কের মতো তরুণদের ওপর চাপ যেন বেশি না পড়ে, এ জন্যই ক্রিস্টিয়ানের অন্তর্ভুক্তি। সত্যি সত্যি যদি অভিষেক হয়ে যায়, একটা ইতিহাসেরও অংশ হয়ে যাবেন ২৮ বছর বয়সী অলরাউন্ডার। দ্বিতীয় আদিবাসী হিসেবে ব্যাগি গ্রিন মাথায় তুলবেন ক্রিস্টিয়ান। প্রথমজন ছিলেন জেসন গিলেস্পি। ক্রিস্টিয়ানের অভিষেক হলে কে বাদ পড়বেন, এটা নিয়ে জোর জল্পনাকল্পনা চলছে। ধারণা করা হচ্ছে, খড়্গটা পড়বে ফিলিপ হিউজের ওপর। ২৩ বছর বয়সী ওপেনারের প্রতিভা নিয়ে সন্দেহ নেই, কিন্তু ধারাবাহিকতা ও আউট হওয়ার ধরন নিয়ে প্রশ্ন উঠছে নিয়মিতই। হিউজ বাদ পড়লে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করবেন হয়তো উসমান খাজা অথবা মাইক হাসি। টেস্টে ক্রিস্টিয়ানের ডাক পাওয়া অবশ্য একটু বিস্ময়েরই। গত বছর ৩টি টি-টোয়েন্টি খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। হার্ড হিটিং ব্যাটিংয়ের সঙ্গে কার্যকরী মিডিয়াম পেস—‘মিনি অলরাউন্ডার’ হিসেবেই বেশি পরিচিত ছিলেন। এই মৌসুমে শেফিল্ড শিল্ডে অবশ্য খাঁটি ব্যাটসম্যানের মতো খেলে ৫ ম্যাচে ৫৯.৩৭ গড়ে করেছেন ৪৭৫ রান। সঙ্গে ১০ উইকেট। তবে টেস্ট দলে ডাক পেয়ে চমকে গেছেন তিনিও, ‘গত মৌসুমে কয়েকটি টি-টোয়েন্টি খেলেছি, ভেবেছিলাম, ওয়ানডে দলে ডাক পাওয়ার কাছাকাছিও আছি। এই মৌসুমের শুরুটা তাই দারুণভাবে করতে চেয়েছিলাম। আশা করছিলাম, তাহলে সুযোগ আসতে পারে। কিন্তু টেস্ট দলে ডাক পাওয়া আমার মাথাতেই ছিল না।’ ওয়েবসাইট।