অস্ট্রেলিয়া দলে কোনো অন্তর্কলহ নেই: নিয়েলসন
বিগত বেশ কয়েক বছরের মধ্যে এখনই বোধহয় সবচেয়ে খারাপ সময় যাচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেটি জেতার আগে গত চার মাসে টানা সাতটি ম্যাচে কোনো জয়ের দেখা পায়নি অসিরা। খেলোয়াড়, নির্বাচক কমিটি, কোচ সবার দিকেই ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে সমালোচনার তীর। এমনকি অস্ট্রেলিয়া শিবির অন্তর্কলহে জর্জরিত এমন খবরও ছড়িয়েছে অস্ট্রেলিয়ান মিডিয়ায়। তবে এ অন্তর্কলহের খবর অবশ্য একেবারেই উড়িয়ে দিয়েছেন কোচ টিম নিয়েলসন। অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটের ব্লগে তিনি লিখেছেন, ‘আমরা বেশ কয়েকটি ম্যাচে টানা হারার ফলেই দলের মধ্যে বিশৃঙ্খলা বা অন্তর্কলহ নিয়ে নানা কথাবার্তা উঠছে। আমাদের হারার কারণ খুঁজতে গিয়েই অনেকে এ ধরনের অপ্রীতিকর মন্তব্য করছে। আসলে আমরা হেরেছি; কারণ, আমাদের ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং আশানরূপ হয়নি।’অস্ট্রেলিয়া শিবিরে অন্তর্কলহের খবরটা অবশ্য বেশি ছড়িয়েছে মাইকেল ক্লার্কের অধিনায়কত্ব নিয়ে। ক্লার্ক বর্তমানে সহ-অধিনায়ক এবং পন্টিংয়ের পর তিনিই অস্ট্রেলিয়ার পরবর্তী অধিনায়ক হিসেবে দায়িত্ব নেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে অধিনায়কত্ব নিয়ে দলের মধ্যে কোনো অসন্তোষ নেই বলে জানিয়েছেন নেইলসন। আর এগুলো নিয়ে মাথা না ঘামিয়ে এ মুহূর্তে অ্যাসেজ সিরিজ নিয়ে ভাবতেই বেশি আগ্রহী অস্ট্রেলিয়া কোচ। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে একটা দল হিসেবে আমাদের এটাই নিশ্চিত করা দরকার যে আমরা আতঙ্কগ্রস্ত নই। আমাদের সামনে যে লক্ষ্য আছে সেদিকেই এখন মনোযোগী হওয়া দরকার। অ্যাসেজের জন্য আমাদের হাতে এখনো কয়েক সপ্তাহ সময় আছে। আমি আশা করছি, সবাই এ সময়টার সদ্ব্যবহার করবে আর ব্রিসবেনে প্রথম টেস্টের আগে আমরা আমাদের শতভাগ নিয়েই মাঠে নামতে পারব।’আগামী মঙ্গলবার অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া। রয়টার্স।