গত কয়েক মাসের বাজে পারফরমেন্সের কারণে বেশ টালমাটাল অবস্থায় আছে অস্ট্রেলিয়া। আসন্ন অ্যাশেজ সিরিজকে সামনে রেখে তাই একটু বেশিই সাবধানী অসিরা। অ্যাশেজের প্রথম টেস্টের জন্য গত সোমবারই ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল তারা। এরপর অনেক হিসাব-নিকাশ ও যাচাই-বাছাইয়ের পর শেষ পর্যন্ত ১৭-এর দলটিকে ১৩-তে নামিয়ে এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটি।চূড়ান্ত দলে সবচেয়ে বড় চমক ডোহার্টি। বাঁ-হাতি ডোহার্টি দলে জায়গা করে নিয়েছেন অফ স্পিনার নাথান হরিজকে পেছনে ফেলে। ঘরোয়া ক্রিকেটের সাম্প্রতিক পারফরমেন্স ও শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে চমত্কার বল করে নিজের পক্ষে নির্বাচকদের রায় নিয়েছেন ডোহার্টি। সে তুলনায় হরিজ ছিলেন ডোহার্টির চেয়ে অনেক অভিজ্ঞ। একটি অ্যাশেজ খেলার অভিজ্ঞতাও ছিল। তবে ভারত সফরে বাজে পারফরমেন্স তাঁকে পিছিয়ে দিয়েছে ডোহার্টির চেয়ে। ডোহার্টির বাঁ-হাতি স্পিন ডান হাতি-নির্ভর ইংলিশ মিডল অর্ডারকে ভাবনায় ফেলবে বলেই মনে করেন নির্বাচকেরা। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচের কথাতেও ঝরে পড়েছে তেমন আশাবাদই। সবকিছু ঠিকঠাক থাকলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম অ্যাশেজ টেস্টেই অভিষেক ঘটতে যাচ্ছে ডোহার্টির। তার পরও একটা ‘কিন্তু’ থেকেই যাচ্ছে। স্কোয়াডে রয়েছেন আরেক স্পিনার স্টিভ স্মিথ। তবে অভিষেকের লড়াইয়ে এগিয়ে যে ডোহার্টিই তা বলে দেওয়াই যায়।ডোহার্টি স্বপ্ন দেখছেন টেস্ট অভিষেকের। তবে ১৭ জনের স্কোয়াডে থাকলেও টেস্ট অভিষেকের স্বপ্নটা বাস্তবিক হচ্ছে না উসমান খাজা আর ক্যালাম ফার্গুসনের। সাম্প্রতিক সময়ের পারফর্মার হলেও নির্বাচকেরা আস্থা রেখেছেন অভিজ্ঞ মাইক হাসি আর মার্কাস নর্থের ওপরেই। মতো টেস্ট অভিষেকের প্রত্যাশা পূরণ হয়নি দুই তরুণ ব্যাটসম্যান উসমান খাজা আর ক্যালাম ফার্গুসনের।হাঁটুর ইনজুরি কাটিয়ে ১৭ সদস্যের দলে জায়গা করে নিয়েছিলেন রায়ান হ্যারিস। কিন্তু ১৩ সদস্যের এই দল থেকে শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়েছে এই ডান হাতি পেস বোলারকে। হ্যারিসকে বাদ দিলেও প্রথম টেস্টের জন্য চারজন ফাস্ট বোলার মাইকেল জনসন, বেন হিলফেনহউস, পিটার সিডল ও ডগ বলিঞ্জারকে দলে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়া দল: রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, ডগ বলিঙ্গার, জাভিয়ের ডোহার্টি, ব্রাড হাডিন, মাইক হাসি, বেন হিলফেনহউস, মিচেল জনসন, সাইমন ক্যাটিচ, মার্কাস নর্থ, পিটার সিডল, স্টিভ স্মিথ ও শেন ওয়াটসন। রয়টার্স।