অস্ট্রেলিয়া দলে তিন 'বুড়ো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাড হগ
ব্র্যাড হগ

টি-টোয়েন্টি মানেই তারুণ্যের বিজ্ঞাপন। অস্ট্রেলিয়া হাঁটল এই ধারণার উল্টো পথেই। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কাল ১৫ সদস্যের যে চূড়ান্ত দল দিয়েছে অস্ট্রেলিয়া, তাতে ৪০-এর আশপাশের খেলোয়াড় আছেন তিনজন। তার মধ্যে সবচেয়ে বড় চমক ব্র্যাড হগ।
বয়স হয়ে গেছে ৪৩, সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন সে-ও প্রায় দেড় বছর। বাঁহাতি চায়নাম্যান স্পিনারের সামনে ইতিহাসের হাতছানি। মাঠে নামলেই হগ হয়ে যাবেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়। দলে আছেন আরও দুই ‘ব্র্যাড’—হজ ও হাডিন। ৩৯ বছর বয়সী হজ সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন প্রায় ছয় বছর পর। ম্যাথু ওয়েডকে সরিয়ে ৩৬ বছর বয়সী হাডিন ডাক পেয়েছেন অ্যাশেজের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে।
জেমস মুরহেডের মতো তরুণেরাও আছেন দলে, তবে ত্রিশ ছাড়ানো খেলোয়াড়েরই আধিক্য। নবীন-প্রবীণের সমন্বয়ে দল গড়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক জন ইনভেরারিটি বলেছেন, ‘আমরা এমন একটা দল গড়েছি, উপমহাদেশে যাদের প্রচুর টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে, যা বাংলাদেশের চ্যালেঞ্জের জন্য ভালো অস্ত্র হবে।’ ব্র্যাড হগ ও ব্র্যাড হজ দুজনই বাংলাদেশে বিপিএলে খেলে গেছেন। বলার মতো সাফল্যও পেয়েছেন। কদিন আগেই বিগ ব্যাশের ফাইনালে ম্যাচ সেরাও হয়েছেন হগ। তাঁকে নেওয়ার পেছনে এটি তো ভূমিকা রেখেছেই, ইনভেরারিটি তুলে ধরলেন অন্য একটা যুক্তিও, ‘তার বয়স হলেও উৎসাহ-উদ্দীপনা ও ফিটনেস এখনো ফুরিয়ে যায়নি।’ ওয়েবসাইট।
অস্ট্রেলিয়া দল: জর্জ বেইলি (অধিনায়ক), ড্যান ক্রিস্টিয়ান, নাথান কোল্টার-নাইল, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, ব্র্যাড হাডিন, ব্র্যাড হজ, ব্র্যাড হগ, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস মুরহেড, মিচেল জনসন, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, ক্যামেরন হোয়াইট।