অস্ট্রেলিয়া দলে তৃতীয় মার্শ
জিওফ মার্শ খেলেছেন, শন মার্শ খেলছেন। এবার অস্ট্রেলিয়া দলে ঢুকলেন মার্শ পরিবারের তৃতীয় প্রতিনিধি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন শনের ৯ বছরের ছোট ভাই মিচেল মার্শ। ১৯ বছর বয়সী এই অলরাউন্ডারের সঙ্গে দলে আছেন আরেক টিনএজার প্যাট্রিক কামিন্স। টি-টোয়েন্টি-ওয়ানডে—দুই দলেই আছেন ১৮ বছর বয়সী ফাস্ট বোলার।অস্ট্রেলিয়ার আরেক জোড়া ভাইয়ের অবশ্য দক্ষিণ আফ্রিকায় একসঙ্গে খেলা হচ্ছে না। ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন ডেভিড হাসি, আর বড় ভাই মাইক নেই টি-টোয়েন্টিতে। টি-টোয়েন্টি দল থেকে বাদ মিচেল জনসনও। বিস্ফোরক ওপেনার ডেভিড ওয়ার্নার ওয়ানডে দলে ফিরেছেন দুই বছর পর। টিম পেইনের চোটে টি-টোয়েন্টি দলে এসেছেন উইকেটরক্ষক ম্যাথু ওয়েড।জন হেস্টিংসের চোটই মিচেল মার্শের দরজা খুলে দিয়েছে। বছর দুয়েক ধরেই অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের একজন মনে করা হচ্ছে তাঁকে। রাজ্য দলের কোচ মিকি আর্থারের ধারণা, জ্যাক ক্যালিসের মতো অলরাউন্ডার হওয়ার সামর্থ্য আছে মিচেলের। মিচেল অবশ্য ভাইয়ের সঙ্গে খেলার সম্ভাবনাতেই ভীষণ রোমাঞ্চিত, ‘কথাটা হয়তো খুব গতানুগতিক হবে, কিন্তু শনের সঙ্গে খেলাটা হবে স্বপ্ন সত্যি হওয়ার মতো। আশা করি, দক্ষিণ আফ্রিকায় শনের সঙ্গে আমি খেলতে পারব—এটা হবে অবিশ্বাস্য!’কামিন্স মাত্র ২টি ঘরোয়া ওয়ানডে খেলেছেন, তবে এতেই কেন্দ্রীয় চুক্তিতে থাকা বলে দেয় তাঁর মাঝে সম্ভাবনা দেখছে অস্ট্রেলিয়া। অভিষেক হলে তিনিই হবেন অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ওয়ানডে ক্রিকেটার। ২টি টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডের সিরিজ শুরু ১৪ অক্টোবর। ২ টেস্টের সিরিজের দল ঘোষণা হবে পরে। ওয়েবসাইট।ওয়ানডে দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, ডগ বলিঞ্জার, প্যাট্রিক কামিন্স, জেভিয়ার ডোহার্টি, ব্র্যাড হাডিন, মাইক হাসি, মিচেল জনসন, ব্রেট লি, শন মার্শ, জেমস প্যাটিনসন, রিকি পন্টিং, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার।টি-টোয়েন্টি দল: ক্যামেরন হোয়াইট (অধিনায়ক), শেন ওয়াটসন, ডগ বলিঞ্জার, প্যাট্রিক কামিন্স, অ্যারন ফিঞ্চ, ডেভিড হাসি, ব্রেট লি, মিচেল মার্শ, শন মার্শ, স্টিভেন ও’ কিফ, জেমস প্যাটিনসন, স্টিভেন স্মিথ, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।