অস্ট্রেলিয়া দলে বিয়ার-চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ের পূর্বাভাস পাওয়া গিয়েছিল আগেই। অ্যাডিলেডে ইনিংস ব্যবধানে পরাজয়ই বলে দিচ্ছিল, পার্থ টেস্টের দলে আসছে বড় পরিবর্তন। কাল অস্ট্রেলিয়ার নির্বাচকদের দেওয়া ১২ সদস্যের দলটি সেই পূর্বাভাসেরই ফলশ্রুতি। বাদ পড়েছেন মার্কাস নর্থ, ডগ বলিঞ্জার ও জেভিয়ার ডোহার্টি। চোটের কারণে সিরিজই শেষ হয়ে গেছে সাইমন ক্যাটিচের। দলে ফিরেছেন মিচেল জনসন, বেন হিলফেনহস। ফিলিপ হিউজকে ডাকা হয়েছে ক্যাটিচের জায়গায়। নর্থের জায়গায় স্টিভেন স্মিথ। ডোহার্টির জায়গায় ডাকা হয়েছে নতুন মুখ মাইকেল বিয়ারকে। এই নামটা বিস্ময় হয়ে এসেছে খোদ অস্ট্রেলীয় মিডিয়ার কাছেই।২৬ বছর বয়সী বিয়ার শেষ পর্যন্ত পার্থের দ্রুতগতির উইকেটে সুযোগ পাবেন কি না, বলা মুশকিল। তবে এই বাঁহাতি স্পিনারের অভিষেক হলে সেটি হবে ওয়ার্ন-পরবর্তী যুগে অস্ট্রেলিয়া টেস্ট দলে দশম স্পিনারের আগমন। ওয়ার্নকে ফিরিয়ে আনার জিকির মিলিয়ে গেলেও দল নিয়ে তাঁর ভাবনাকে অস্ট্রেলীয় নির্বাচকেরা গুরুত্ব দেন বলেই মনে হলো। কদিন আগে ওয়ার্ন তাঁর কলামে বলেছিলেন পার্থের কন্ডিশনের সঙ্গে পরিচিত একজন স্পিনারকে দলে নেওয়া উচিত। তখনই উঠে এসেছিল বিয়ারের নাম। যদিও বিয়ার সেই সমস্যার সমাধান নন বলেই মনে করছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম।এই মৌসুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত বিয়ার আসলে ঠিক ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার নন। মেলবোর্নের এই স্পিনার ভিক্টোরিয়া ছেড়ে মাত্রই এই মৌসুমের আগে পশ্চিম অস্ট্রেলিয়ায় এসেছেন। ওয়াকায় তাঁর খেলার অভিজ্ঞতা মাত্রই তিনটি ফার্স্ট ক্লাস ম্যাচ। সব মিলে পাঁচটি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলা বিয়ার ৩৯.৯৩ গড়ে নিয়েছেন ১৬ উইকেট।অস্ট্রেলিয়া চার পেসার আর এক স্পিনার খেলাতে চাইলে একাদশে বিয়ারের থাকার সম্ভাবনা ক্ষীণ। সে ক্ষেত্রে রায়ান হ্যারিস, পিটার সিডলের সঙ্গে বোলিং আক্রমণে থাকবেন জনসন ও হিলফেনহস। এটি নিশ্চিত যে, শেন ওয়াটসনের সঙ্গে ওপেন করতে নামবেন হিউজই।তবে এই ওপেনারের ওপর থাকবে বাড়তি চাপ। কারণ, নর্থের বদলে কোনো স্পেশালিস্ট ব্যাটসম্যান দলে নেয়নি অস্ট্রেলিয়া। সে ক্ষেত্রে নর্থের জায়গায় বোলিং অলরাউন্ডার হিসেবে থাকবেন দুই টেস্ট খেলা স্মিথ। এই লেগস্পিনার অবশ্য ওই দুই ম্যাচে ৩ উইকেট আর ৭৭ রান করেছেন। উইকেটকিপার ব্যাটসম্যান ব্র্যাড হাডিন ছয়ে উঠে গিয়ে ব্যাটিং লাইনআপের সাতে জায়গা করে দিতে পারেন স্মিথকে।বাজে পারফরম্যান্সের জন্য দল থেকে বাদ পড়াদের কেউ নিজেদের বঞ্চিত ভাবার সুযোগ পাচ্ছেন না। নর্থ এবার অ্যাশেজের তিন ইনিংসে করেছেন ৪৯ রান। তিন ইনিংসে ৩০৬ রান দিয়ে মাত্র তিনটি উইকেট নেওয়া ডোহার্টির বোলিং গড় ১০২! গত টেস্টে দলে ফেরা বলিঞ্জার ১৩০ রানের বিনিময়ে পেয়েছেন মাত্র একটি উইকেট।পার্থ টেস্টের অস্ট্রেলিয়া দলরিকি পন্টিং (অধি.), মাইকেল ক্লার্ক, মাইকেল বিয়ার, ব্র্যাড হাডিন, রায়ান হ্যারিস, ফিলিপ হিউজ, বেন হিলফেনহস, মাইক হাসি, মিচেল জনসন, পিটার সিডল, স্টিভেন স্মিথ ও শেন ওয়াটসন।