অস্ট্রেলিয়া দলে ম্যাক্সওয়েল-চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া ক্রিকেটে আবির্ভাব বছর দুয়েক আগে। গত বছর করেছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে ইতিহাসের দ্রুততম ফিফটি (১৯ বলে)। আক্রমণাত্মক ব্যাটিং, কার্যকরী অফস্পিন আর দুর্দান্ত ফিল্ডিং দিয়ে নজর কেড়েছেন দ্রুতই। সামনে এগোনোর ধারায় জাতীয় দলেও ঢুকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন ভিক্টোরিয়ার ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার। এক বছরেরও বেশি সময় পর ওয়ানডে দলে ফিরেছেন ক্যালাম ফাগুর্সন। আর নেতৃত্ব হারিয়ে দল থেকে বাদ পড়ার ছয় মাস পর আবার টি-টোয়েন্টি দলে ফিরেছেন ক্যামেরন হোয়াইট। দুই দলেই ফিরেছেন মাইক হাসি। নির্ধারিত সময়ের আগেই সন্তান জন্ম দেওয়া স্ত্রীর পাশে থাকার জন্য সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে ছিলেন না ‘মি ক্রিকেট।’ আর ওয়ানডে দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে শেন ওয়াটসন ও বেন হিলফেনহসকে। তবে টি-টোয়েন্টি দলে আছেন দুজনই। তরুণ পেসার প্যাট কামিন্স আছেন শুধু টি-টোয়েন্টি দলে, জেমস প্যাটিনসন শুধু ওয়ানডে দলে। আর চোট নিয়ে সংশয় থাকার পরও টিকে গেছেন মিচেল জনসন। প্রধান নির্বাচক জন ইনভেরারিটি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখেই হোয়াইটকে ফেরানো হয়েছে। ওয়াটসনের অনুপস্থিতিতে ওয়ানডে দলে ক্লার্কের ডেপুটি হবেন ডেভিড ওয়ার্নার। ২৮ আগস্ট শারজায় শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মধ্যপ্রাচ্যের গরমের কারণে ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত আটটা)। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৫ সেপ্টেম্বর থেকে। এর আগে ২৫ আগস্ট আফগানিস্তানের সঙ্গেও একটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। ওয়েবসাইট।ওয়ানডে দল: ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি, ক্যালাম ফার্গুসন, মাইকেল হাসি, ডেভিড হাসি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল জনসন, জেভিয়ার ডোহার্টি, জেমস প্যাটিনসন, ক্লিন্ট ম্যাকাই, মিচেল স্টার্ক।টি-টোয়েন্টি দল: ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড, শেন ওয়াটসন, জর্জ বেইলি (অধিনায়ক), ক্যামেরন হোয়াইট, মাইকেল হাসি, ডেভিড হাসি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ব্র্যাড হগ, গ্লেন ম্যাক্সওয়েল, জেভিয়ার ডোহার্টি, প্যাট কামিন্স, ক্লিন্ট ম্যাকাই, মিচেল স্টার্ক, বেন হিলফেনহস।