অস্ট্রেলিয়া দলের ওপর ভরসা নেই সমর্থকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরম দুঃসময় পার করছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। ভারতের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, নিজেদের মাটিতে প্রথমবারের মতো শ্রীলঙ্কার কাছে সিরিজ পরাজয়। এ রকম বিপর্যয়কর সময়েই এ মাসের শেষে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে অসিরা। পন্টিংদের সামনে এখন গতবারের হারানো অ্যাশেজ ট্রফি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। রিকি পন্টিং যদিও অনেক আশার কথা শোনাচ্ছেন, কিন্তু সেগুলোয় একেবারেই ভরসা করতে পারছে না খোদ অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ। সানডে টেলিগ্রাফ পত্রিকার অনলাইন জরিপে অংশ নেওয়া ছয় হাজার সমর্থকের ৫৬.৬ শতাংশই মনে করে অস্ট্রেলিয়া এবারের অ্যাশেজ জিততে পারবে না। ২০০৯ সালের মাঝামাঝি সময়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারায় অস্ট্রেলিয়া। এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ের তিন-চারে ওঠানামা করলেও সর্বশেষ র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া নেমে গেছে পঞ্চম স্থানে। আর এ বিপর্যয়ের জন্য ৪৬.৯ শতাংশ সমর্থক দায়ী করেছে অস্ট্রেলিয়ার নির্বাচকদের। রিকি পন্টিংয়ের পর অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে মাইকেল ক্লার্কের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকলেও তাঁর বিপক্ষে ভোট দিয়েছেন ৭৪ শতাংশ সমর্থক। পন্টিংয়ের উত্তরসূরি হিসেবে মাইকেল ক্লার্কের পরিবর্তে অলরাউন্ডার ক্যামেরন হোয়াইটই এগিয়ে আছেন সমর্থকদের ভোটে।অস্ট্রেলিয়ার বর্তমান কোচ টিম নিয়েলসনের ব্যাপারেও অনাস্থা জ্ঞাপন করেছেন সমর্থকেরা। দলের পরবর্তী কোচ হিসেবে কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকেই চায় ৪৭ শতাংশ সমর্থক।