অস্ট্রেলিয়া যাচ্ছেন শহীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলের শেষ দিকে পাওয়া লিগামেন্টের চোট যে এতটা ভোগাবে, মোহাম্মদ শহীদ নিজেও হয়তো ভাবতে পারেননি। চোট থেকে সেরে উঠতে শেষ পর্যন্ত শল্যবিদের ছুরির নিচে যেতে হতে পারে তাঁকে।
বিসিবির ফিজিও-চিকিৎসকদের তত্ত্বাবধানে শহীদের পুনর্বাসন চলছে দেড় মাস ধরে। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে বাংলাদেশের হয়ে পাঁচটি টেস্ট খেলা পেসারকে অস্ট্রেলিয়ার বিখ্যাত শল্যবিদ ডেভিড ইয়ংয়ের কাছে পাঠাচ্ছে বিসিবি। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী বললেন, ‘খুব সতর্কভাবে আমরা শহীদকে সারিয়ে তোলার চেষ্টা করেছি। মনে হচ্ছে এভাবে সে পুরোপুরি সেরে উঠবে না। অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ সার্জনের কাছে পাঠানোর সিদ্ধান্ত এ কারণেই।’
শহীদ অস্ট্রেলিয়া রওনা হতে পারেন আগামী সপ্তাহে। তবে শহীদকে অস্ত্রোপচার করতে হবে কি না, এখনো নিশ্চিত নয়। দেবাশিস বললেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসক ইয়ংই, ‘এ ধরনের চোটে পেসারদের অস্ত্রোপচার খুব জরুরি। অন্য খেলোয়াড়দের এটা কোনোভাবে ম্যানেজ করা যায়। পেসারদের তাতে ঘন ঘন চোটে পড়ার শঙ্কা থাকে। তবে তার চোট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ওখানকার সার্জন।’
বিসিবির চিকিৎসক জানিয়েছেন, শহীদকে অস্ত্রোপচার করতে হলে পাঁচ মাস লাগতে পারে তাঁর পুরোপুরি সেরে উঠতে। অস্ত্রোপচার না লাগলে এক-দেড় মাসের মধ্যেই সেরে উঠবেন।