অস্ট্রেলিয়া সফরের দলে মুরালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক অম্ল-মধুর। এই অস্ট্রেলিয়াতেই তাঁর বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল। অসি দর্শকদের বিদ্রূপের প্রতিবাদ হিসেবে একবার সফর পর্যন্ত বর্জন করেছিলেন তিনি। অথচ সেই মুরালিধরন চান ‘শত্রু’ দেশে বিদায়ী সফর করতে। এই চাওয়ার প্রতি শ্রদ্ধা রেখে মুরালিকে আসন্ন অস্ট্রেলিয়া সফরের দলে রেখেছেন শ্রীলঙ্কার নির্বাচকেরা।গত জুলাইয়ে রেকর্ড ৮০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান মুরালি। ৫১৫ উইকেট তুলে নিয়ে ওয়ানডেতেও সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। সীমিত ওভারের ক্রিকেট থেকে এই স্পিন জাদুকর বিদায় নেবেন আগামী বছরের বিশ্বকাপের পর।শ্রীলঙ্কার প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভা ক্রিকইনফোকে বলেন, ‘টেস্ট ক্রিকেট থেকে বিদায় জানানোর সময়ই অস্ট্রেলিয়া সফর ও বিশ্বকাপে অংশ নিতে নির্বাচকদের সঙ্গে একমত হয়েছিলেন মুরালি। আমাদের বিশ্বকাপ পরিকল্পনায় সব সময় তিনি ছিলেন। ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে অস্ট্রেলিয়া সফরে তাঁকে রেখেছি আমরা।’মুরালির সঙ্গে অস্ট্রেলিয়ার সফরের দলে যুক্ত করা হয়েছে অফ স্পিনার সুরাজ রণদিভকেও। রয়েছেন লেগ স্পিনার জিভান মেন্ডিস ও অফ স্পিনার তিলকারত্নে দিলশান। তবে সিলভা ইঙ্গিত দিয়েছেন, অস্ট্রেলিয়ার পিচের অবস্থা মাথায় রেখে একজন বিশেষজ্ঞ স্পিনার খেলানো হতে পারে। পিচ পেস সহায়ক হবে বলে এ সফরে পাঁচজন পেসারকে যুক্ত করেছেন নির্বাচকেরা।