অস্ট্রেলিয়া সিরিজের দলে নতুন মুখ শুভাগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩০ এপ্রিল শেষ হয়ে যাচ্ছে রফিকুল আলমের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির মেয়াদ। সে হিসেবে অস্ট্রেলিয়া সিরিজের জন্য কাল ঘোষিত দলই হয়তো তাঁদের শেষ দল এবং এই দলটি তাঁরা করলেন অসংখ্য প্রশ্নের জন্ম দিয়ে। ১৪ সদস্যের জাতীয় দলের কারণে অদলবদল ঘটাতে হয়েছে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ২৩ মার্চ ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলেও।মোহাম্মদ আশরাফুলের বাদ পড়া আগেই নিশ্চিত হয়েছে। কাল বিসিবি পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বাধীন টেকনিক্যাল কমিটির দীর্ঘ সভার পর অস্ট্রেলিয়া সিরিজের দলে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন জুনায়েদ সিদ্দিকও। নেই নাঈম ইসলাম ও নাজমুল হোসেন। ১৪ সদস্যের দলে ফেরাদের তালিকায় আছেন মাশরাফি বিন মুর্তজা ও অলক কাপালি। তবে মাশরাফি অস্ট্রেলিয়া সিরিজে খেলবেন কি না, তা নিয়ে সংশয় আছে। দলে আছেন শুনে তিনি বলেছেন, ‘আমি দেড় মাস প্র্যাকটিসে নেই। ফিটনেসের কী অবস্থা জানি না। স্ত্রী অসুস্থ থাকায় তাকে নিয়েই ব্যস্ত বেশি। আমি বোর্ডকে বলেছি, অনুশীলনে গিয়ে যদি নিজেকে ফিট মনে হয়, তাহলে অস্ট্রেলিয়া সিরিজে অবশ্যই খেলব। নয়তো সরে দাঁড়াব।’জুনায়েদকে সরিয়ে দলে নেওয়া হয়েছে নতুন মুখ ডানহাতি ব্যাটসম্যান শুভাগত হোমকে। গত প্রিমিয়ার লিগে সিসিএসের হয়ে ১৬ ম্যাচে ৪৭৬ (গড় ৩১.৭৩) রান করে সর্বোচ্চ রান করাদের তালিকায় সপ্তম স্থানে ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। জুনায়েদ কেন বাদ, শুভাগত কেন দলে—এসবের ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক রফিকুল আলম বলেছেন, ‘বিশ্বকাপে জুনায়েদ আশানুরূপ খেলতে পারেনি। অন্যদিকে শুভাগত সব জায়গায়ই নিজেকে প্রমাণ করেছে। চার-পাঁচের ব্যাকআপ হিসেবে তাকে নেওয়া হয়েছে।’দক্ষিণ আফ্রিকা সফরের জন্য আগেই ঘোষিত ‘এ’ দলে ছিলেন শুভাগত। তাঁকে জাতীয় দলে এনে এবার যাঁকে ‘এ’ দলের সহ-অধিনায়ক করা হলো, সেই জুনায়েদকে এত দিন নির্বাচক কমিটিই বলে আসছিল ‘দেশের সেরা তিন নম্বর ব্যাটসম্যান’! আগের ‘এ’ দল থেকে কোনো কারণ না দেখিয়েই বাদ দেওয়া হয়েছে নাদিফ চৌধুরীকে। তাঁর জায়গা নিয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়া নাঈম। জাতীয় দল করতে গিয়ে ‘এ’ দল নিয়েও টানাটানিতে পুরোনো প্রশ্নটাই আবার উঠছে—আদৌ কি শেষ পর্যন্ত নির্বাচকদের দলই ঘোষিত হলো? বরাবরের মতো শেষ এসাইনমেন্টেও এমন প্রশ্নে সাহসী উত্তর দিতে পারেননি প্রধান নির্বাচক।প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে দারুণ খুশি শুভাগত, ‘জাতীয় দলে খেলার স্বপ্ন সবারই থাকে। আমার সেই স্বপ্ন পূরণ হলো।’ শুভাগতের জন্য এটা প্রথম হলেও জাতীয় দলে আগেও খেলেছেন অলক কাপালি। ২০০৮ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা অলক এবারের সুযোগটাকে কাজে লাগাতে দৃঢ়প্রতিজ্ঞ, ‘দলের বাইরে থাকার সময় আমার একটাই টার্গেট ছিল, আবার দলে ফিরলে জায়গাটা ধরে রাখব। ভালো লাগছে যে অবশেষে সেই সুযোগটা এসেছে।’বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, অলক কাপালি, শুভাগত হোম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আবদুর রাজ্জাক, মোহাম্মদ সোহরাওয়ার্দী, রুবেল হোসেন ও শফিউল ইসলাম। স্ট্যান্ডবাই: নাজমুল হোসেন।