অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ
এ জয়কে ‘নাটকীয়’ বলাই ভালো। ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ধরে নেওয়া হচ্ছিল, নিষ্প্রাণ ড্রয়ের দিকে যাচ্ছে ব্যাঙ্গালোর টেস্ট। অস্ট্রেলিয়ার ৪৭৮ রানের জবাবে ভারতের ৪৯৫। ম্যাচটি ড্র না হয়ে পারে! তবে চতুর্থ ও পঞ্চম দিনের নাটকীয়তায় ব্যাঙ্গালোরে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে ভারতীয় দল। ভারতের ব্যাঙ্গালোর টেস্ট জয়ের ফলে ২-০ তে হোয়াইটওয়াশ হলো রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া।ম্যাচের প্রথম তিন দিনে উইকেট পড়েছে ১৫টি, আর গতকাল এক দিনেই পড়েছে ১২টি। ৭ উইকেটে ২০২ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। বলা যায়, শুরু না করতেই অস্ট্রেলিয়ার ইনিংস শেষ। জহির খান ও শ্রীশান্তের আঘাতে মাত্র ২২৩ রানে গুটিয়ে যায় সফরকারীদের দ্বিতীয় ইনিংস।জয়ের জন্য ভারতীয় দলকে তুলতে হবে মাত্র ২০৭ রান। ব্যাট করতে নেমে মাত্র ১৭ রানেই চলে গিয়েছিল বীরেন্দর শেবাগের (৭) উইকেট। সকাল থেকে যেভাবে উইকেট পড়ছিল, এ রান তুলতে শচীন টেন্ডুলকারদের বেশ লড়াই করতে হবে, এমনটাই ভাবা হচ্ছিল। কিন্তু নাটকীয়তার যে তখনো বাকি! এর পর থেকে পিচ যেন ব্যাটসম্যানদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করেছে। মুরালি বিজয় খেলেছেন ৩৭ রানের ইনিংস। হরিজের শিকারে পরিণত হওয়ার আগে পূজারা তুলেছেন ৭২ রান। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৩ রানে। সঙ্গে ২১ রানে অপরাজিত থাকেন রাহুল দ্রাবিড়।—ক্রিকইনফো