অস্ট্রেলিয়া ৪-০ ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌড়াতে দৌড়াতেই উদ্যাপন শুরু করে দিলেন ক্রিস রজার্স। এই শটটিই সীমানা ছোঁয়ায় সেঞ্চুরি হয়ে গেছে অস্ট্রেলিয়ান ওপেনারের। কাল মেলবোর্ন টেস্টে। এএফপি
দৌড়াতে দৌড়াতেই উদ্যাপন শুরু করে দিলেন ক্রিস রজার্স। এই শটটিই সীমানা ছোঁয়ায় সেঞ্চুরি হয়ে গেছে অস্ট্রেলিয়ান ওপেনারের। কাল মেলবোর্ন টেস্টে। এএফপি

মাস চারেক আগেও যদি কেউ বলত ফিরতি অ্যাশেজে ৪-০ করে অস্ট্রেলিয়া সিডনিতে যাবে, অনেকেই হেসে উড়িয়ে দিতেন। ক্রিস রজার্স সেঞ্চুরি করে বক্সিং ডে টেস্ট জেতাবেন—এটা আরও দূরের কল্পনা।
কিন্তু কল্পনা ছাড়ানো বিস্ময় উপহার দিতে পারে বলেই না এর নাম ‘ক্রিকেট’।

চতুর্থ দিনে মেলবোর্ন অবশ্য আগের তিন দিনের মতো নতুন বিস্ময় উপহার দেয়নি। ২ উইকেট হারিয়ে চা-বিরতির আগেই ইংল্যান্ডের দেওয়া ২৩১ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলল অস্ট্রেলিয়া। রজার্স সেঞ্চুরি করলেন, ৪-০ হলো। ৩ জানুয়ারি থেকে শুরু সিডনি টেস্টের ফলও যদি আগের চার টেস্টের মতো হয় তাহলে ২০০৬-০৭ মৌসুমে রিকি পন্টিংয়ের পর ইংল্যান্ডকে ধবলধোলাই করা অস্ট্রেলীয় অধিনায়ক হিসেবে নাম লেখাবেন মাইকেল ক্লার্কও।

প্রথম দিন টস জেতার পরই ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে ক্লার্ক বলেছিলেন, এ উইকেট শেষ দিকে ব্যাটিংয়ের জন্য ভালো হবে। চতুর্থ ইনিংসে ২৩১ রানের লক্ষ্য সে হিসেবে খুব বেশি কিছু ছিল না। তৃতীয় দিন শেষেই সেটা নেমে এসেছিল ২০১ রানে। কিন্তু ১৯৯৬ সালের পর কালকের আগ পর্যন্ত মেলবোর্নে চতুর্থ ইনিংসে ১৮৩ রানের বেশি তাড়া করে জেতেনি কোনো দল। এই ইতিহাস কিছুটা আশা দিয়ে থাকবে বার্মি আর্মিদের। কিন্তু প্রথম আধঘণ্টায় দুটি ক্যাচ ফেলে সমর্থকদের সেই আশায় জল ঢেলেছেন স্বয়ং ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। রজার্সের ক্যাচ ছেড়েছেন ১৯ রানে, প্রথম স্লিপে দাঁড়িয়ে ডেভিড ওয়ার্নারকে জীবন দেন ২২ রানে। ওয়ার্নারের ক্যাচ ফেলার জন্য বেশিক্ষণ আফসোস করতে হয়নি তাঁকে। ওই ২২ রানের সঙ্গে আর মাত্র ৩ রান করেই স্টোকসের বলে উইকেটকিপার বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন অস্ট্রেলিয়ান ওপেনার। কিন্তু রজার্স ভুগিয়েছেন প্রায় শেষ পর্যন্ত। পানেসারের বলে কট বিহাইন্ড হয়ে যখন ফিরেছেন, তাঁর নামের পাশে ১১৬, জয় থেকে মাত্র ৩১ রান দূরে অস্ট্রেলিয়া। মাস চারেক আগে লজ্জাজনক হারের সেই সিরিজেই চেস্টার-লি-স্ট্রিটে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা করেছিলেন। তবে কাল সেটাকে ছাড়িয়ে খেললেন ক্যারিয়ারের সর্বোচ্চ টেস্ট ইনিংস। সঙ্গে প্রথম ইনিংসের ৬১ রান যোগ করলে মেলবোর্নে বোলারদের দাপটের মধ্যে রজার্সের এই পারফরম্যান্স অবশ্যই দুর্দান্ত। তবে এত কিছুর পরও ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট এবং জো রুটকে দুর্দান্ত রানআউট করা মিচেল জনসন। রজার্সের পুরস্কার—বয়স বেশি হয়ে গেছে বলে কিছুদিন আগেও যাঁরা তাঁর সমালোচনায় মুখর ছিলেন, তাঁদের চুপ করিয়ে দিয়ে ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে থাকার এ দাবিটা জোরালো করেছেন।

ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যাওয়ায় ওপাশে হাত খুলে খেলেছেন ক্লার্কও। শেষ পর্যন্ত ৯০ বলে ৮৩ রানে অপরাজিত থেকে গেছেন অধিনায়ক, তবে তার আগেই ষষ্ঠ অস্ট্রেলিয়ান হিসেবে টেস্ট ক্যারিয়ারের ৮ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেছেন তিনি। অস্ট্রেলীয়দের মধ্যে ক্লার্কের (১৭২ ইনিংস) চেয়ে কম ইনিংস খেলে এ মাইলফলক পেরোতে পেরেছেন কেবল ম্যাথু হেইডেন (১৬৪) ও রিকি পন্টিং (১৬৫)। এএফপি।