অস্ট্রেলিয়াকে অপেক্ষায় রাখলেন বেল-স্টোকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেন স্ট্রোকের অপরাজিত ৭২ রানের ইনিংসটার সুবাদেই এখনো লড়ে যাচ্ছে ইংল্যান্ড
বেন স্ট্রোকের অপরাজিত ৭২ রানের ইনিংসটার সুবাদেই এখনো লড়ে যাচ্ছে ইংল্যান্ড

ইংল্যান্ডকে ৫০৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে শুরুটা যেভাবে করেছিলেন অস্ট্রেলিয়ান বোলাররা, তাতে মনে হয়েছিল আজই বুঝি মেতে উঠতে পারবেন অ্যাশেজ জয়ের আনন্দে। ১২১ রানেই ইংল্যান্ডের চারটি উইকেট তুলে নিয়েছিলেন হ্যারিস, জনসনরা। কিন্তু স্বাগতিকদের অপেক্ষাটা বাড়িয়ে দিয়েছেন ইয়ান বেল ও বেন স্টোকস। চাপের মুখে ভালোই প্রতিরোধ গড়েছেন এই দুই ব্যাটসম্যান। পঞ্চম উইকেটে তাঁদের গড়া ৯৯ রানের জুটিটার সুবাদেই এখনো কিছুটা আশার আলো টিমটিম করে জ্বলছে ইংলিশ শিবিরে। তবে জয় থেকে এখনো অনেক দূরে আছে সফরকারীরা। চতুর্থ দিন শেষে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৫১ রান। আগামীকাল পার্থ টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য ইংল্যান্ডের চাই ২৫৩ রান। অস্ট্রেলিয়ার পাঁচ উইকেট।

আজ চতুর্থ দিনের শেষভাগে ৬০ রান করা বেল যদি আউট না হতেন, তাহলে জয়ের স্বপ্নটা হয়তো ভালোভাবেই থাকত সফরকারী ইংল্যান্ডের। কিন্তু এখন জয়ের কাজটা বেশ কঠিনই হয়ে গেছে কুক বাহিনীর জন্য। মাত্রই দ্বিতীয় টেস্ট খেলতে নামা স্টোকসের ব্যাটের দিকেই এখন তাকিয়ে আছেন ইংল্যান্ড সমর্থকেরা। ৭২ রান করে অপরাজিত আছেন এই তরুণ বামহাতি ব্যাটসম্যান।

৫০৪ রানের পর্বতপ্রমাণ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেই ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন হ্যারিস। প্রথম বলেই কুক বোল্ড! ইংলিশ অধিনায়ক যখন ফিরলেন, ইংল্যান্ডের স্কোরবোর্ডে তখনো যোগ হয়নি কোনো রান। শুরুর ধাক্কা সামলে ইনিংস মেরামতের চেষ্টা করেন কারবেরি ও জো রুট। সেটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর আগেই হন্তারক হিসেবে হাজির ওয়াটসন। এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে কারবেরির সংগ্রহ ৩১। জো রুট ও পিটারসেন যখন দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছিলেন, তখন জনসনের গোলা। জো রুটের ব্যাট ছুঁয়ে বল জমা হলো হাডিনের গ্লাভসে।

এর আগে সকালে হয়েছে একপশলা ‘ওয়াটসন শো’। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার তখন দাঁড়িয়ে ৯৯ রানে। বুকটা দুরু দুরু করছিল কি না, বোঝার উপায় নেই। তবে সেটি বাড়িয়ে দিতে আচমকা ধেয়ে এল অ্যান্ডারসনের বিরাট এক বাউন্স! মাথার ওপর দিয়ে সাঁ করে ছুটে গেল সেটি। লাফিয়েও বলের নাগাল পেলেন না প্রায়র। নো বল তো হলোই, সঙ্গে চার।


অ্যান্ডারসনের এমন বেমক্কা বাউন্স হজম করার পাত্র নন ওয়াটসন। পরের বলেই বাউন্সের ঝাল মেটালেন। ডিপ ফাইন লেগে চার মেরে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ওয়াটসনের ইনিংস দেখে বোঝার উপায় নেই এটি ওয়ানডে, নাকি টেস্ট! ৫ ছক্কা ও ১১ চার সহযোগে ১০৮ বলে করলেন ১০৩। স্ট্রাইক রেট ৯৫.৩৭!


ব্রেসনানকে তুলে মারতে গিয়ে বল উঠল আকাশে। ভেবেছিলেন সব ‘শেষ’! কিন্তু ইয়ান বেল ক্যাচটি তালুবন্দী করতে পারলেন না। ততক্ষণে উইকেট থেকে অনেকটা বেরিয়ে পড়েছেন তিনি। বেল ক্যাচ হাতছাড়া করলেও ব্রেসনান তাঁকে রানআউট করতে ভুল করেননি। ১০৩ রানেই কাটা পড়তে হলো ওয়াটসনকে। কিন্তু ততক্ষণে যা করার করে ফেলেছেন।


মূলত ওয়াটসনের সেঞ্চুরির জন্য অপেক্ষা করছিলেন অধিনায়ক মাইকেল ক্লার্কও। সেটি হয়ে গেলে বেশিক্ষণ অপেক্ষা করলেন না। ৬ উইকেটে ৩৬৯ রানে ইনিংস ঘোষণা করলেন ক্লার্ক। ততক্ষণে ইংলিশদের লক্ষ্য দাঁড়িয়েছে ৫০৪। ওয়াটসন যদি ওয়ানডে স্টাইলে খেলে থাকেন, তবে বেইলি খেলেছেন টি-টোয়েন্টি স্টাইলে! ৩০ বলে ৩৯। ছোট্ট অথচ ঝোড়ো ইনিংসটায় ছিল ৩ চার ও ৩ ছয়। বেইলিকে অবশ্য সাজঘরে ফেরাতে পারেননি ইংলিশ বোলাররা। তাঁকে ফিরিয়েছেন খোদ অধিনায়ক, ইনিংস ঘোষণা করে! ইংলিশদের পক্ষে ব্রেসনান ও স্টোকস নেন ২টি করে উইকেট। সোয়ান পান ১টি।