অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলেন গেইল-স্যামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজের জয়টাকে যখন মনে হচ্ছিল সুদূরে মিলিয়ে যাচ্ছে, স্যামি-ব্রাভো সেটা ফিরিয়ে আনলেন ব্যাটিং-ঝড়ে। ঝড়টা গেছে মিচেল স্টার্কের ওপর দিয়েই, তাঁর এক ওভার থেকেই স্যামি নিয়েছেন ১৯ রান। কাল মিরপুরে  প্রথম আলো
ওয়েস্ট ইন্ডিজের জয়টাকে যখন মনে হচ্ছিল সুদূরে মিলিয়ে যাচ্ছে, স্যামি-ব্রাভো সেটা ফিরিয়ে আনলেন ব্যাটিং-ঝড়ে। ঝড়টা গেছে মিচেল স্টার্কের ওপর দিয়েই, তাঁর এক ওভার থেকেই স্যামি নিয়েছেন ১৯ রান। কাল মিরপুরে প্রথম আলো

আগুন জ্বালিয়ে দিয়েছিলেন জেমস ফকনার। বিধির কী খেয়াল, সেই আগুনে পুড়লেনও তিনি! শেষ ওভারে জয়ের জন্য ১২ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। অস্ট্রেলিয়ান অধিনায়ক জর্জ বেইলি বল দিলেন ফকনারকে। ব্যাট হাতে অন্য প্রান্তে সেই ড্যারেন স্যামি, আগের দিন যাঁর দল নিয়ে কটাক্ষ করেছিলেন ফকনার। প্রথম দুই বলে রান হলো না। পরের দুই বলে লং অফ আর বোলারের মাথার ওপর দিয়ে মারা দুই ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে নাটকীয় জয় এনে দিলেন স্যামিই। শেরেবাংলা স্টেডিয়ামে বুনো উল্লাসে মাতল পুরো দল।
ঐতিহাসিক কারণেই ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ এমনিতেই আগুনে হয়। তার ওপর আগের দিন কথার ওই তির ছুড়ে বসলেন ফকনার। কালকের ম্যাচটা তাই বারুদ হয়েই ছিল। ব্যাট-বলের লড়াইও শেষ পর্যন্ত ছড়াল ওই বারুদপোড়া গন্ধ। অস্ট্রেলিয়ার ৮ উইকেটে করা ১৭৮ রানের জবাবে দুই বল বাকি থাকতেই জিতল ক্যারিবীয়রা।
মাত্র ১৬ বলে অপরাজিত ৩৪ রান করে ক্যানভাসে তুলির শেষ আঁচড়টা স্যামি দিলেও ওয়েস্ট ইন্ডিজকে জয়ের পথটা দেখান ক্রিস গেইল। ৩৫ বলে ৫৩ রান করেছেন, তবে প্রথম ১৪ বলেই করে ফেলেছিলেন ৪০। ঝড়ের শুরু মিচেল স্টার্কের করা ইনিংসের দ্বিতীয় ওভারেই। শেষ চার বলে পর পর চার বাউন্ডারিতে ওই ওভারেই আসে ১৬ রান। পরের ওভারে বলিঞ্জারকে স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা। ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ওয়াটসনকে লং অনে আছড়ে আরেকটি ছক্কা মেরে ৪০-এ পৌঁছে হঠাৎই যেন বিশ্রাম নিতে শুরু করলেন গেইল। পরের ২১ বলে করেছেন মাত্র ১৩ রান, মারেননি একটি বাউন্ডারিও।
গেইল সম্ভবত বাকি কাজটা ফেলে রেখে ছিলেন ডোয়াইন ব্রাভো আর স্যামির জন্য। ১৩০ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর পঞ্চম উইকেটে এই দুজনের অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটিতেই লক্ষ্য অর্জন। জয়ের জন্য শেষ দুই ওভারে ৩১ রানের দরকার ছিল। ১৯তম ওভারেই কাজ অনেকটা সহজ করে ফেলেন স্যামি। স্টার্কের ওই ওভারে স্যামিই নেন ১৯ রান। স্যামি তাঁর ৩৪ রানের ৩১-ই নিয়েছেন শেষ দুই ওভারে। সঙ্গে ব্রাভোর সমর্থনটার কথাও না বললেই নয়। ১২ বলে ২৭ রান করে হেঁটেছেন অধিনায়কের পাশেই।
এর আগে ঝোড়ো ব্যাটিং দেখা গেছে অস্ট্রেলিয়ার ইনিংসেও। কিন্তু গেইল-স্যামিদের ওই ব্যাটিংয়ের পর গ্লেন ম্যাক্সওয়েলের ২৮ বলে ৪৫ রানের কথা আর কে মনে রাখবে? তার চেয়ে ১৯ রানে ২ উইকেট নেওয়া ক্যারিবিয়ান অফস্পিনার সুনীল নারাইন যে টি-টোয়েন্টি ম্যাচেও একটা ওভার মেডেন পেলেন, সেটিকেই তো মনে হয় বড় ঘটনা।
কালকেরটিসহ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচে খেলে দুটিতেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া দুই ম্যাচের দুটিতেই হেরে গেল।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৭৮/৮ (ম্যাক্সওয়েল ৪৫, হজ ৩৫, ওয়ার্নার ২০, ফিঞ্চ ১৬, হাডিন ১৫*, ফকনার ১৩, বেইলি ১২; নারাইন ২/১৯, স্যামুয়েলস ২/২০, বদ্রি ২/৩৭, সান্টোকি ১/৩০, ব্রাভো ১/৩৯)। ওয়েস্ট ইন্ডিজ: ১৯.৪ ওভারে ১৭৯/৪ (গেইল ৫৩, স্যামি ৩৪*, ব্রাভো ২৭*, সিমন্স ২৬, স্মিথ ১৭, স্যামুয়েলস ১২; স্টার্ক ২/৫০, মিউরহেড ১/২১, বলিঞ্জার ১/৩৪)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ড্যারেন স্যামি।