অস্ট্রেলিয়াকে কাবাডি শেখাল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল ও ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশের জন্য বড় কঠিন কাজ। কিন্তু খেলাটা যখন কাবাডি, তাতে অস্ট্রেলিয়া বাংলাদেশের সামনে নবিশ। কাল আহমেদাবাদে বিশ্বকাপ কাবাডির গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ ৮০-৮ পয়েন্টে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ডও গড়েছে বাংলাদেশ।
আগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে জয় ‘উপহার’ দিয়েছে বাংলাদেশ (৩২-৩৫ পয়েন্টে হার)। এই জয়েও তাই সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখতে পারছেন না আরদুজ্জামানরা। চার ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে বাংলাদেশ। পাঁচ ম্যাচের সব কটি জিতে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া। আজ দুর্বল ইংল্যান্ডের সঙ্গে জিতলেই ‘এ’ গ্রুপ থেকে তাদের সঙ্গী হবে ভারত। বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচটি খেলবে আগামীকাল, প্রতিপক্ষ আর্জেন্টিনা।
কাল শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে বাংলাদেশ। এতটাই একতরফা খেলেছে যে ৪ মিনিটেই অলআউট হয় অস্ট্রেলিয়া! প্রথমার্ধেই তিনবার অলআউট করে বাংলাদেশ পায় তিনটি লোনা। এগিয়ে যায় ৩৬-২ পয়েন্টে। শেষ পর্যন্ত জয় ৮০-৮ পয়েন্টে, অস্ট্রেলিয়াকে কাবাডিই শিখিয়েছে বাংলাদেশ।