অ্যাডিলেডের ভূত হোবার্টে চেপে বসতে দেয়নি অস্ট্রেলিয়া। এটাই তো একটা পেশাদার দলের বড় গুণ। কিন্তু লড়াই করেও সপ্তাহ তিনেক আগের দক্ষিণ আফ্রিকা হতে না পারা শ্রীলঙ্কার জন্য ব্যর্থতাই। কুমার সাঙ্গাকারা নিতে পারেননি ফ্যাফ ডু প্লেসিসের ভূমিকা। এবি ডি ভিলিয়ার্সের চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা দেখাতে অক্ষম ছিলেন লঙ্কান ব্যাটসম্যানরা। তাই দুশ্চিন্তায় ভরা দিনের শেষে হাসলেন মাইকেল ক্লার্কই। অস্ট্রেলিয়া পেল এই গ্রীষ্মের প্রথম টেস্ট জয়ের স্বাদ।১৩৭ রানের জয়, সেটাও দিনের খেলার ১০.৪ ওভার বাকি থাকতে—এসব বলবে জয়টা অনায়াস। কিন্তু কাল বেলেরিভ ওভালে চোখ ছিল যাঁদের, তাঁরা দেখেছেন কতটা ঘাম ঝরাতে হয়েছে অস্ট্রেলিয়ানদের। চা-বিরতি পর্যন্ত মাত্র দুটো উইকেট নিতে পেরেছিল ক্লার্কের দল। সামারাবীরা-ম্যাথুসের পঞ্চম উইকেটজুটির রান যখন ৫০ হলো, দিনের খেলার বাকি তখন মাত্র ৩৩ ওভার। অ্যাডিলেডের পুনরাবৃত্তির শঙ্কা ভালোমতোই ঘিরে ধরেছিল অস্ট্রেলিয়াকে। বৃষ্টিতে দুই দফায় খেলা ২৫ ও ২০ মিনিট বন্ধ থাকাও ভাঁজ ফেলেছিল ক্লার্কের কপালে।শঙ্কা থেকে স্বস্তি এল সিডল-স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে। এমনিতেই বোলার একজন কম, চোটের কারণে হারাতে হয়েছে বেন হিলফেনহসকে। শেষ দিনে যাঁর ওপর সবচেয়ে বেশি ভরসা, সেই নাথান লায়ন ছিলেন সবচেয়ে নিষ্প্রভ। কিন্তু সিডল-স্টার্কের বীরত্ব ঢেকে দিয়েছে সব ঘাটতি। লোয়ার ও লোয়ার মিডল অর্ডার মুড়ে দিয়ে কালকের সফলতম বোলার মিচেল স্টার্ক। তবে সবচেয়ে কাঙ্ক্ষিত চার উইকেট পিটার সিডলের—জয়াবর্ধনে-সাঙ্গাকারা-সামারাবীরা-ম্যাথুস! ক্যারিয়ার-সেরা বোলিংয়ে (৯/১০৪) ম্যাচসেরা সম্প্রতি নিরামিষাশী হয়ে যাওয়া এই পেসারই।ধারণামতোই শেষ দিনের উইকেটে ৩২৮ রান করার দিকে ছোটেনি শ্রীলঙ্কা। উইকেটে পড়ে থাকাতেই মন ছিল সাঙ্গাকারা-জয়াবর্ধনের। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান কাটিয়ে দেন শুরুর ঘণ্টা দেড়েক। ৩২ ওভারে ৬৫ রানের এই জুটি ভাঙে সিডলের বলে জয়াবর্ধনে স্লিপে ক্লার্কের হাতে ধরা পড়লে। প্রথম সেশনে অস্ট্রেলিয়ার সাফল্য ওই একটিই। দ্বিতীয় সেশনেও উইকেট মাত্র একটি। ১৬৫ বলে ফিফটি ছুঁয়ে সাঙ্গাকারা ইঙ্গিত দিচ্ছিলেন অস্ট্রেলিয়ানদের আরও ভোগানোর। কিন্তু সিডলের খানিকটা নিচু হওয়া বলে এলবিডব্লু হয়ে শেষ ২৭৬ মিনিটের প্রতিরোধ।এরপর আরেক দফা প্রতিরোধ, শুরুর নড়বড়ে সময়টা কাটিয়ে ম্যাথুসকে নিয়ে জমে যান সামারাবীরা। দ্বিতীয় নতুন বলটাও নির্বিঘ্নে পার করে দেন দুজন। মরিয়া ক্লার্ক একসময় বল তুলে দিলেন উইকেটকিপার ম্যাথু ওয়েডের হাতে, যিনি কিনা স্বীকৃত ক্রিকেটে আগে কখনোই বোলিং করেননি! কিন্তু ওয়েড বা ওয়ার্নাররা নন, ত্রাতা আবারও সেই সিডল। তিন ওভারের মধ্যে এই দুজনকে ফিরিয়ে দলে আশার ডুবন্ত তরীকে টেনে তোলেন ভিক্টোরিয়ান পেসার। শেষ চার উইকেট নিয়ে সেই তরীকে তীরে ভেড়ান স্টার্ক। অস্ট্রেলিয়ার জয় উদ্যাপনের মধ্যমণিও থাকলেন দুই পেসার।জয়ের পর কাল বক্সিং ডে টেস্টের দলও ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। হিলফেনহসের জায়গায় সুযোগ পেয়েছেন তাসমানিয়ান ফাস্ট বোলার জ্যাকসন বার্ড। ক্লার্কের হ্যামস্ট্রিং নিয়ে অনিশ্চয়তায় দলে ফেরানো হয়েছে উসমান খাজাকে। ওয়েবসাইট।