অস্ট্রেলিয়াকে মিসবাহর চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ে পাকিস্তানের মনোবল এখন তুঙ্গে। এমনই যে সম্প্রতি ইতিহাস গড়ে অ্যাশেজ জেতা অস্ট্রেলিয়াকেও চ্যালেঞ্জ জানাতে ভয় পাচ্ছেন না পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক।

সুযোগটা এ বছরই পাবেন মিসবাহ। সংযুক্ত আরব আমিরাতে অক্টোবরে পাকিস্তান টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যে দলটি মাত্রই ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ক্রিকেট রূপকথার নতুন এক অধ্যায় লিখেছে। জনসন-হ্যারিস আর সিডল নামগুলোই এখন তো প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক ছড়ানোর জন্য যথেষ্ট। তবে মিসবাহর মুখে বরং সাহসী উচ্চারণ, ‘উল্টো ওদের জন্য বড় চ্যালেঞ্জ হবে আমাদের স্পিনারদের সামলানো।’

এই আরব আমিরাতেই গত অক্টোবরে বিশ্বের এক নম্বর টেস্ট দল দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ ১-১ ড্র করেছিল পাকিস্তান। দারুণ ফর্মে থাকা মাইকেল ক্লার্কের দলের মুখোমুখি হওয়ার আগে সেই সিরিজ থেকেও অনুপ্রেরণা খুঁজছেন পাকিস্তান অধিনায়ক, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা যেভাবে খেলেছি অস্ট্রেলিয়ার বিপক্ষেও সেভাবেই খেলার চেষ্টা করব। বিশ্বকে দেখাতে চাই যে আমাদেরও শীর্ষে ওঠার সামর্থ্য আছে।’

তরুণ এই পাকিস্তান দল নিয়ে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও খুব আশাবাদী মিসবাহ, ‘আমাদের দলটা এই মুহূর্তে খুব ভালো করছে। যদিও দলে অভিজ্ঞদের চেয়ে তরুণদের সংখ্যা বেশি হওয়ায় মাঝেমধ্যে ব্যাটিং ধস দেখতে হয়। তবে নিয়মিত একসঙ্গে খেললে এরাও অভিজ্ঞ হয়ে উঠবে এবং পরিস্থিতির উন্নতি হবে।’ শ্রীলঙ্কার বিপক্ষে পরশু দুর্দান্ত এই জয় দিয়েই শেষ হয়ে গেছে পাকিস্তানে ডেভ হোয়াটমোর অধ্যায়। নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছে বর্তমান ম্যানেজার মঈন খানের নাম। তবে ইতিমধ্যে নতুন প্রধান কোচসহ ব্যাটিং, ফিল্ডিং কোচ চেয়ে নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞাপনও দিয়েছে পিসিবি। আবেদনপত্র বাছাই করবে জাভেদ মিয়াঁদাদ, ইন্তেখাব আলম, ওয়াসিম আকরাম ও সুবহান আহমেদকে নিয়ে গঠিত কমিটি। এএফপি।