
বিশ্বকাপ ফাইনাল দেখতে মেলবোর্নে পা রাখার পর দুটি জিনিস আমার মনে দাগ কাটল। প্রথমত, রোববারের ফাইনাল দেখতে মেলবোর্নে ভারতীয়দের সংখ্যা। এটা সত্য, এই সমর্থকেরা ভারতকেই চেয়েছিল ফাইনালে। ভারত ফাইনালে উঠতে পারেনি। তার পরও ভারতীয় সমর্থকেরাই মেলবোর্নের ফাইনালে সংখ্যাগরিষ্ঠ।
দ্বিতীয়ত, ডেভিড ওয়ার্নারকে দেখে এতটাই চনমনে ও প্রস্তুত মনে হচ্ছে যে মাঠে ওর প্রতিপক্ষ ট্রেন্ট বোল্ট ফাইনালের অন্যতম ভাগ্য নির্ধারক হয়ে উঠলে আমি বরং অবাকই হব।
তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলেছি আমি। সেই অভিজ্ঞতা থেকে দুই দলকেই একটা পরামর্শ দেব। দুই দলই যেন পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়। চ্যালেঞ্জ জয়ে নিজেদের ধীরস্থির রাখে। এটা ঠিক, স্মরণীয় এসব মুহূর্তের সঙ্গে মানিয়ে নিজেদের ঠিকঠাক রাখতে পারা এবং একই সঙ্গে ম্যাচের ফল মাথা থেকে তাড়ানো বেশ কঠিনই। এসব মনে রেখেও দুদলকে বলছি, যেভাবে এ পর্যন্ত খেলে এসেছ, সেভাবেই খেলো। চাপ নিয়ো না বা আতঙ্কগ্রস্ত হয়ে পোড়ো না। যদিও এটা মাঠে করে দেখানোর চেয়ে বলা সহজ।
এ পর্যন্ত এগিয়ে আসার পথে সবই ঠিকঠাক ছিল এবং সেটিকে যথেষ্ট ভেবে নিয়েই ফাইনালটা খেলা উচিত দুদলের। ব্যতিক্রম কিছু করার পথে হাঁটতে বারণই করব আমি। কেননা, মনে রাখা উচিত এটা বিশ্বকাপ ফাইনাল।
খেলোয়াড় ধরে ধরে মূল্যায়ন করলে অস্ট্রেলিয়াই হয়তো কিছুটা এগিয়ে। হ্যাজলউড-স্টার্কদের নিয়ে তাদের বোলিং আক্রমণ দারুণ, অন্যদের চেয়ে আলাদাও। ব্যাটিংয়েও ভালো করেছে অস্ট্রেলিয়া। প্রত্যেক ব্যাটসম্যানই অন্তত একটি বড় ইনিংস খেলে তবেই ফাইনালে এসেছে।
মাইকেল ক্লার্ক দৃশ্যপটে আবির্ভূত হয়েছে মাঝেমধ্যে। ওর কাছ থেকে একটা বড় ইনিংস পাওনা। শুনলাম বিশ্বকাপ শেষেই ওয়ানডে ছাড়ার ঘোষণা দিয়েছে সে। জানি না সময়টা সঠিক হলো কি না। তবে এটা জানি, এমন ঘোষণার জন্য বিশ্বকাপ ফাইনালের আগের দিনটি আদর্শ নয়। তবে মনে হচ্ছে নিজেকে সমৃদ্ধ করে সে ইতি টানতে চায়।
স্টিভেন স্মিথের কথা বলতে চাই। গত গ্রীষ্মজুড়েই সে ছিল ধারাবাহিক। এ যুগের ক্রিকেটে অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবে নিজেকে তুলে ধরেছে সে। সবকিছু মিলিয়ে বলব, এই অস্ট্রেলিয়া হারতে পারে শুধু নিজেদের কাছেই। অস্ট্রেলিয়া সময়টা নিজেদের অনুকূলে রাখতে পারলে অথবা কেউ একজন কাজটা করে দিলে নিউজিল্যান্ডের জন্য বিপদই আছে।
নিউজিল্যান্ডের বাইরে এটিই এই বিশ্বকাপে ব্ল্যাক ক্যাপদের প্রথম ম্যাচ। স্বাগতিক দর্শকদের সামনে এটা নিয়ে তাদের চিন্তিত হওয়ার কিছু নেই। আমার মনে হয়, ভারতীয়রা নিউজিল্যান্ডের জন্যই গলা ফাটাবে। তবে নিউজিল্যান্ডের ভাবনার বিষয় হতে পারে তাদের ওপেনাররা শুরুতেই পড়বে আক্রমণাত্মক ও দুর্দান্ত ফর্মে থাকা অসি পেসের সামনে।
হ্যাঁ, ব্রেন্ডন ম্যাককালাম ৪০ করতে পারলে, অথবা সে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যেভাবে ব্যাট করেছে সেই ক্ষণটা ফিরিয়ে আনতে পারলে অন্য ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস পাবে। অস্ট্রেলিয়ার ভীতিজাগানিয়া বোলিং আক্রমণের সঙ্গে কারও তুলনা হলে সেটা অবশ্য এই নিউজিল্যান্ডই। আমি বলব, বোল্ট ও সাউদি সুইং পেলে একটা দারুণ লড়াই-ই হয়তো দেখা যাবে।
নিউজিল্যান্ড দলটাকে এই টুর্নামেন্টে সবচেয়ে চিত্তাকর্ষক মনে হয়েছে আমার। ‘ডার্ক হর্স’ অথবা অন্য তারকাসমৃদ্ধ দলের ছায়ায় ঢাকা পড়ে তারা ফাইনালে ওঠেনি, সমান ফেবারিট হয়েই এসেছে এ পর্যন্ত। কয়েক সপ্তাহ ধরেই ব্ল্যাক ক্যাপরা তাদের দেশে শিরোনাম হয়ে আছে এবং সমর্থকেরা তাকিয়ে চূড়ান্ত জয়ের দিকে।
তবে আমার বাজি অবশ্যই সবুজ-সোনালি জার্সিধারীরা, তাদের হয়েই গলা ফাটাব। এটাও অবশ্য জানি, ফলাফল ভিন্ন হলে নিউজিল্যান্ড ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটের জন্যই তা হবে দারুণ কিছু। (গেমপ্ল্যান)
আজকের খেলা
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
(সকাল ৯-৩০ মি., মেলবোর্ন)