অস্ট্রেলিয়াতেও ‘ধবলধোলাই’ ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত ধবলধোলাইই হতে হলে ভারতকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ৪-০-তে হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে মহেন্দ্র সিং ধোনির বাহিনী। অ্যাডিলেডে সিরিজের সব শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হার ২৮৯ রানে। মেলবোর্ন, সিডনি ও পার্থের পর অ্যাডিলেডেও আরেকটি বিশাল হার। বিদেশের মাটিতে টানা আট টেস্ট হেরে ১৯৬৮ সালের পর সবচেয়ে কলঙ্কজনক বৈদেশিক পারফরম্যান্সের শিকার হতে হলো তাদের। অস্ট্রেলিয়ার আগে ইংল্যান্ডের বিপক্ষেও ৪-০-তে ধবলধোলাই হয়েছিল ভারত।অ্যাডিলেডের বিশাল পরাজয়টা নিশ্চিত হয়ে গিয়েছিল তৃতীয় দিন শেষেই। সর্বশেষ দেড় দিনে অস্ট্রেলিয়া কেবল নিয়মতান্ত্রিকতাটাই সেরেছে। নাথান লায়নের ৪ ও রায়ান হ্যারিসের ৩ উইকেটের পাশাপাশি হিলফেনহস ও সিডল ১টি করে উইকেট তুলে নিয়ে ভারতকে শেষ করে দেন ২০১ রানেই। প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হওয়া ভারতীয় দল একমাত্র ইনিংসে অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া লক্ষ্যমাত্র ৫০০ রানের চেয়ে পিছিয়ে ছিল ২৮৯ রানে।৬ উইকেটে ১৬৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল ভারত। শেবাগ, গম্ভীর, টেন্ডুলকার, দ্রাবিড়, লক্ষ্মণ, কোহলি ফিরে যাওয়ার পর ম্যাচ বাঁচানোর কোনো আশা ছিল না তাঁদের সামনে। তার পরও ঋদ্ধিমান সাহা প্রথম ইনিংসে ভালো ব্যাট করার পর তাঁর ওপর কিছুটা হলেও ভরসা ছিল। কিন্তু তাঁর ব্যর্থতা ভারতের পরাজয়কেই কেবল ত্বরান্বিত করে। দিনের শুরুতেই ঋদ্ধিমান আউট, সঙ্গে নাইটওয়াচম্যান ইশান্ত শর্মা। অশ্বিন ও জহির খান কিছুটা চেষ্টা চালিয়েছিলেন। দুজনই ১৫ রান করে ভারতের পরাজয়ের ব্যবধানটাই কেবল কমিয়েছেন।অ্যাডিলেড টেস্টে টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল। ক্লার্ক ও পন্টিংয়ের একটি জুটিই মূলত ভারতকে ম্যাচ থেকে বাইরে ছিটকে ফেলে। ক্লার্ক ২১০ ও পন্টিং ২২১ রান করেন। এই জোড়া ডাবল সেঞ্চুরির ওপর ভর করে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৬০৪ রানের বিশাল স্কোর। জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২৭২ রানে। বলার মতো সংগ্রহ ছিল কেবল বিরাট কোহলির (১১৬)। অস্ট্রেলিয়া ভারতকে ফলোঅন না করিয়ে নিজেরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে ভারতের সামনে ছুড়ে দেয় ৫০০ রানের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ গ্রহণে ব্যর্থ ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২০১ রানে। গোটা অস্ট্রেলিয়া সিরিজে যারপরনাই ব্যর্থ ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। শেবাগ, গম্ভীর, টেন্ডুলকার, লক্ষ্মণ, ধোনি—প্রায় সবাই ব্যর্থ। শততম সেঞ্চুরির খোঁজে দিন পার করে দেওয়া শচীন টেন্ডুলকারের অসহায় আত্মসমর্পণগুলো যেন ভারতীয় ক্রিকেটের শেষের শুরুকেই নির্দেশ করছে। রাহুল দ্রাবিড়ের ‘দ্য ওয়াল’ খেতাবও ভূলুণ্ঠিত হওয়ার পথে। এই সিরিজে অসি বোলাররা তাঁর দেয়াল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। লক্ষ্মণ বোধহয় এবারই খেলে ফেলেছেন তাঁর ক্যারিয়ারের শেষ চারটি টেস্ট। ধোনির অধিনায়কত্ব প্রশ্নের সম্মুখীন। শেবাগকে এত বাজে ক্রিকেট খেলতে আর কখনো দেখেনি কেউই। পুরোনোদের সমালোচনায় বিদ্ধ করা হলেও নতুনেরা কি সফল? পুরো সিরিজে কোনো তরুণ খেলোয়াড়কে পারফর্ম করতে দেখেছে ভারতীয় সমর্থকেরা? অস্ট্রেলিয়া নিয়মিত ভারতের ২০ উইকেট তুলে নিলেও ভারতীয় বোলারদের নিয়ে খেলেছেন ক্লার্ক-পন্টিংয়েরা। সবদিক দিয়ে ব্যর্থ একটি সিরিজ কোনোমতে পার করে দিয়ে কিছুটা হলেও হাঁপ ছেড়ে বেঁচেছেন ভারতীয় ক্রিকেটাররা। হোক না ফলাফলটা ৪-০, তাতে কী? সিরিজটা তো শেষ করা গেছে!সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া ৬০৪/৭ (ডিক্লে, ১ম ইনিংস)মাইকেল ক্লার্ক ২১০, রিকি পন্টিং ২২১অশ্বিন ৩/১৯৪ভারত ২৭২ (প্রথম ইনিংস)বিরাট কোহলি ১১৬সিডল ৫/৪৯অস্ট্রেলিয়া ১৬৭/৫ (ডিক্লে. দ্বিতীয় ইনিংস)পন্টিং ৬০অশ্বিন ২/৭৩ভারত ২০১ ( দ্বিতীয় ইনিংস)শেবাগ ৬২লায়ন ৪/৬৩(অস্ট্রেলিয়া ২৮৯ রানে জয়ী)