অস্ট্রেলিয়ান ওপেন ক্লাইস্টার্সের
ইতিহাস গড়া হলো না লি নার। সেমিফাইনালে টেনিসের নাম্বার ওয়ান ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু শিরোপা জয় করে ইতিহাসের পূর্ণতা দিতে পারলেন না লি না। ফাইনালের লড়াইয়ে এই চীনাকে ৩-৬, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ঘরে তুললেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স। তিনবার ইউএস ওপেন জয়ের অভিজ্ঞতা রয়েছে ক্লাইস্টার্সের। তবে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের অভিজ্ঞতা প্রথমবারের মতোই হলো এই বেলজিয়ানের। শিরোপা জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও প্রতিপক্ষ লি নার চেষ্টার প্রতি সম্মান জানাতে ভুল করেননি ক্লাইস্টার্স, ‘এখনো আমি স্থির হতে পারছি না। অভিনন্দন লি না। দুই সপ্তাহ ধরে দারুণ খেলেছে, নিঃসন্দেহে কঠিন প্রতিপক্ষ ও।’হারলেও দুঃখ নেই লি নার। তাঁর কাছে চেষ্টাটাই আসল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লির প্রতিক্রিয়া, ‘হার বা জিত কোনো বিষয় নয়। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।’ রয়টার্স।