অস্ট্রেলিয়ান ওপেনেও নেই নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ান ওপেনেও খেলা হচ্ছে না রাফায়েল নাদালের। কারণ পাকস্থলীতে সংক্রমণ। এ কারণেই গত সপ্তাহে নাদাল আবুধাবির মুবাদালা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। অস্ট্রেলিয়ান ওপেনে কেন খেলতে পারছেন না পরশু সেটা নিজেই জানিয়েছেন ১১টি গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিয়ার্ড, ‘আমার হাঁটুর অবস্থা এখন অনেক ভালো। চিকিৎসকদের প্রত্যাশামতো পুনর্বাসনপ্রক্রিয়াও ভালোই চলছে। কিন্তু সংক্রমণের কারণে গত সপ্তাহে আমি অনুশীলন করতে পারিনি। এবং দুঃখের সঙ্গে আমাকে ঘোষণা করতে হচ্ছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী দোহা এবং অস্ট্রেলিয়ান ওপেনে আমার খেলা হচ্ছে না।’আগামীকাল থেকেই দোহায় শুরু হচ্ছে এটিপি টুর্নামেন্ট। আবুধাবির টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পর থেকেই তাঁর এখানে খেলা নিয়ে সংশয় জাগে। তবে আশা করা হয়েছিল অস্ট্রেলিয়ান ওপেনে দেখা যাবে রেকর্ড সাতবার ফ্রেঞ্চ ওপেনজয়ী তারকাকে। হাঁটুর চোটের কারণে গত অলিম্পিক ছাড়াও ডেভিস কাপ এবং ইউএস ওপেনেও খেলতে পারেননি নাদাল। আর কত দিন কোর্টের বাইরে থাকবেন এখন সেটাও একটা প্রশ্ন। তবে নাদাল আশ্বস্ত করছেন, চিকিৎসকদের পরামর্শেই দোহা এবং অস্ট্রেলিয়ান ওপেন থেকে নিজেকে সরিয়ে নেওয়া, পুরোপুরি সুস্থ হলেই কোর্টে ফিরবেন। ‘কোর্টে ফেরার জন্য আকাপুলকোর টুর্নামেন্ট (ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় মেক্সিকান ওপেন টেনিস) পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে। যদিও এর আগেই যেকোনো এটিপি টুর্নামেন্টে নেমে পড়তে পারি আমি।’প্রায় ছয় মাস কোর্টের বাইরে থাকায় র‌্যাঙ্কিংয়ের চারে নেমে গেছেন নাদাল, যা গত সাত বছরের মধ্যে তাঁর সর্বনিম্ন র‌্যাঙ্কিং। ১৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে না খেললে র‌্যাঙ্কিংয়ে আরও অবনমন ঘটবে সাবেক এক নম্বরের। এএফপি, ওয়েবসাইট।