অস্ট্রেলিয়ান ক্রিকেটে ক্যাটিচ-ঝড়
মনে করা হয়েছিল অবসর ঘোষণার সংবাদ সম্মেলন। ৩৬ ছুঁই-ছুঁই কোনো ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লে তো এটাই হওয়ার কথা। কিন্তু সবাইকে চমকে দিলেন সাইমন ক্যাটিচ। সিডনির নিউ সাউথ ওয়েলস লেকচার থিয়েটারে যা হলো, সেটিকে এক কথায় বলা যায় ঝড়। চুক্তি থেকে বাদ দেওয়ায় নির্বাচকদের একহাত নিয়েছেন বাঁহাতি ওপেনার, কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়াকেও। ক্যাটিচ-ঝড় নাড়িয়ে দিয়েছে গোটা অস্ট্রেলিয়ার ক্রিকেটকে।অবসর এখনই নিচ্ছেন না। নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলে যাবেন প্রথম শ্রেণীর ক্রিকেটে। তবে এই ঘোষণার চেয়েও বড় বিস্ময় ছড়াল ক্যাটিচের পরের কথাগুলো। বাদ দেওয়ার যে কারণটা দেখানো হয়েছে, সেটা বিশ্বাসই করতে পারছেন না তিনি, ‘বাদ পড়ার খবরটা খুব বিস্ময় হয়ে আসেনি, কারণ আমি তাদের কাজের ধরনটা জানি। কিন্তু যে কারণটা দেখানো হয়েছে তা হতাশাজনক। বলা হয়েছে, ২০১৩ সালের (অ্যাশেজ) জন্য উদ্বোধনী জুটিকে নতুন করে গড়ে তোলা হবে। অথচ ওয়াট্টো (ওয়াটসন) ও আমি একসঙ্গে ব্যাটিং করাটা খুব উপভোগ করছিলাম এবং গত দুই বছরে দলের উজ্জ্বল দিকগুলোর একটি ছিল আমাদের জুটি। ব্যাপারটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এবং বর্তমানে যে পদ্ধতিটা চলছে, সেটি শুধু আমাকে নয়, আরও অনেকের ক্ষতি করেছে।’ক্যাটিচের সবচেয়ে বড় ক্ষোভ ওই ‘পদ্ধতি’ নিয়েই। ক্রিকেট অস্ট্রেলিয়া কাজ চালায় খণ্ডকালীন নির্বাচকদের নিয়ে। সম্প্রতি অবশ্য গ্রেগ চ্যাপেলকে পূর্ণকালীন দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু প্রধান নির্বাচকসহ বাকি দুই নির্বাচক এখনো খণ্ডকালীন। ক্যাটিচ এ জন্যই দাবি করতে পারছেন, নির্বাচকেরা কাজে পেশাদার নন, ‘উপযুক্ত অর্থ দিলেই কেবল সেরাটা পাওয়া যাবে। কম টাকা দিলে অযোগ্য লোককেই পাওয়া যাবে। পূর্ণকালীন নির্বাচক নিয়ে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে, কিন্তু কিছুই করা হয়নি। কোনো সন্দেহ নেই এটা একটা ব্যবসা, খেলাটা সেদিকেই এগোচ্ছে। বাস্তবতাটা বুঝতে হবে, কারণ এটি ক্রিকেটারদের ক্যারিয়ারের ব্যাপার। শুধু আমি নই, আরও অনেকেরই এমন অভিজ্ঞতা হয়েছে।’ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি গুরুতর এক অভিযোগও তুলেছেন ক্যাটিচ, ‘নির্বাচকদের ওপর ছড়ি ঘোড়ানোর মতো কিছু লোক আছে যারা ক্রিকেটারদের ভবিষ্যৎ নির্ধারণ করে। বাদ পড়ার পর অ্যান্ড্রু হিলডিচের (প্রধান নির্বাচক) সঙ্গে আমার মিনিট চারেকের মতো আলাপ হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার কেউ কিছু বলেনি। অথচ আমি এই সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ১৯৯৯ সাল থেকে।’ ২০ মিনিটের সংবাদ সম্মেলনে ক্যাটিচের রাগ-ক্ষোভ-কষ্ট-হতাশা সব বেরিয়ে এসেছে, কিন্তু কণ্ঠ ছিল ভীষণ নিয়ন্ত্রিত আর শব্দ প্রয়োগ করেছেন বেছে বেছে। শুধু নিজের বাদ পড়ার প্রতিবাদ নয়, বারবার দাবি করেছেন, তাঁর এতসব কথা প্রচলিত পদ্ধতির দুর্বলতার বিরুদ্ধে। অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভবিষ্যতের স্বার্থে, ‘টেকনিক্যালি আমি এখনো চুক্তিবদ্ধ, ৩০ জুন পর্যন্ত মেয়াদ আছে। জানি, খুব শিগগিরই আমার ফোন বেজে উঠবে এবং আমাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু এখানে এসে আমি মিথ্যা কথা বলতে পারব না, কারণ অস্ট্রেলিয়ান ক্রিকেটের সামনে এগিয়ে যাওয়ায় সেটা সহায়ক হবে না।’ক্যাটিচের প্রতি সহানুভূতি জানিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, ক্যাটিচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। ক্যাটিচের এই ভাগ্যকে অন্তত ঈর্ষা করতে পারেন শহীদ আফ্রিদি! এএফপি, ওয়েবসাইট।