অস্ট্রেলিয়ান ক্রিকেটে বড় পালাবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভেবেছিলাম, একজন জিম্বাবুইয়ান কোচ ও চারজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারকে দলে নেওয়ার সুপারিশ করব’—ইঙ্গিতটা ইংলিশ ক্রিকেটের সাফল্যের দিকে। এমন হালকা রসিকতা দিয়েই শুরু করেছিলেন স্যার ডন আর্গাস। আসলে এটি ছিল কঠিন সিদ্ধান্ত ঘোষণার মুখবন্ধ। অস্ট্রেলিয়ান ক্রিকেটকে বড়সড় নাড়া দিয়েছে দ্য আর্গাস রিভিউ। কমিটির সুপারিশ মেনে দল নির্বাচন ও কোচিং-কাঠামো আমূল বদলে ফেলছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।একজন পূর্ণকালীন প্রধান নির্বাচকের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সিএ। অনেক দিন ধরেই তোপের মুখে থাকা প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচকে তাই এবার যেতেই হচ্ছে। পেশায় মূলত তিনি আইনজীবী, অ্যাডিলেডে সলিসিটর হিসেবে কাজ করছেন। সম্প্রতি নতুন আইনি প্রতিষ্ঠানও খুলেছেন। পূর্ণকালীন দায়িত্ব নিতে অপারগ ৫৫ বছর বয়সী সাবেক ওপেনার। ‘ন্যাশনাল ট্যালেন্ট ম্যানেজার’ এখন থেকে আর নির্বাচক কমিটিতে থাকবেন না। বিতর্কিত গ্রেগ চ্যাপেলও এখন আর তাই নির্বাচক নন।প্রধান নির্বাচক ও দুজন স্বাধীন নির্বাচক ছাড়াও নির্বাচক কমিটিতে থাকবেন কোচ ও অধিনায়ক। কোচের দায়িত্বের পরিধি বাড়ানো হয়েছে আরও। চুক্তির মেয়াদ ২০১৩ পর্যন্ত থাকলেও কোচ টিম নিলসেনের থাকাও তাই অনিশ্চিত। দুটি অ্যাশেজ, ভারতের মাটিতে দুটি সিরিজ ও দেশের মাটিতে প্রথমবার দক্ষিণ আফ্রিকার কাছে হারা কোচের জন্য নতুন বাড়তি দায়িত্বে থাকা কঠিনই হবে।গত অ্যাশেজে ভরাডুবির পর গঠিত হয়েছিল ডন আর্গাস রিভিউ কমিটি। আর্গাসের নেতৃত্বে ৭ সদস্যের কমিটিতে ছিলেন সাবেক তিন অধিনায়ক অ্যালান বোর্ডার, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ। ছিলেন সিএ ও আইসিসির সাবেক প্রধান নির্বাহী ম্যালকম স্পিড। সিএর বর্তমান প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডও ছিলেন কমিটিতে, তবে তাঁর ভোট দেওয়ার ক্ষমতা ছিল না। সাবেক-বর্তমান ক্রিকেটার, কোচ, কর্মকর্তা, সংবাদকর্মীসহ মোট ৬১ জনের সাক্ষাৎকার নেয় কমিটি। সব সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগ পর্যন্ত নির্বাচক হিসেবে দলের সঙ্গে যাওয়া গ্রেগ চ্যাপেল শ্রীলঙ্কাতেই থাকবেন। তবে নির্বাচক কমিটিতে কোচ ও অধিনায়কের থাকার সিদ্ধান্ত কার্যকর হয়ে গেছে তৎক্ষণাৎ। চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা বিবেচনারও সুপারিশ করেছে কমিটি। কমিটির সুপারিশে শিগগিরই নিয়োগ দেওয়া হবে একজন ‘জেনারেল ম্যানেজার টিম পারফরম্যান্স’; দল, দল নির্বাচন, কোচিং, সেন্টার অব এক্সেলেন্স ও রাজ্য ক্রিকেটসহ সব ব্যাপারই দেখাশোনার দায়িত্ব থাকবে তাঁর। ইংলিশ ক্রিকেটে বর্তমান মহাব্যবস্থাপক হিউ মরিসের যে দায়িত্ব, জেনারেল ম্যানেজার টিম পারফরম্যান্স-এর দায়িত্ব অনেকটা তেমনই। ২০০৬-০৭ অ্যাশেজে ইংল্যান্ড হোয়াইটওয়াশের পর স্কোফিল্ড রিপোর্টের সুপারিশ মেনে হিউ মরিসের পদটি সৃষ্টি করা হয়েছিল। কমিটির আরও বেশ কিছু সুপারিশ এখনই মেনে নেওয়া না হলেও বিবেচনা করা হবে নিকট ভবিষ্যতে।অনেকগুলো ব্যাপারেই ইংল্যান্ডের স্কোফিল্ড কমিটির প্রতিবেদনের সঙ্গে মিলে যাচ্ছে এই আর্গাস কমিটির সুপারিশ। অস্ট্রেলিয়ানদের অনেকের মানতে কষ্ট হবে, কিন্তু সত্যিটা হলো ইংলিশ ক্রিকেট কাঠামোই এখন সবার জন্য মানদণ্ড, এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াও অনুসরণ করতে বাধ্য হচ্ছে তাদের! ওয়েবসাইট।