অস্ট্রেলিয়ান গতিই উড়িয়ে দিল ভারতকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোলিংয়ের সময় দুই দলই যেন কেনসিংটন ওভালকে ‘হোমগ্রাউন্ড’ ভেবে নিল!ভারতীয় দলে মাত্র দুজন পেসার। প্রথম ওভারেই হরভজন। ৬ ওভারের পাওয়ার প্লেতে তিন ওভারই তাঁর। চতুর্থ ওভারে রবীন্দ্র জাদেজার বাঁহাতি স্পিন। যেন খেলা হচ্ছে গৌহাটিতে!শেন ওয়াটসনকে ধরলে অস্ট্রেলিয়া নেমেছে চার পেসার নিয়ে। গতি আর বাউন্সে ঝড় তুলে ভারতীয় ব্যাটসম্যানদের কাঁপিয়ে দিলেন তাঁরা। যেন খেলা হচ্ছে পার্থে!এখানেই বড় পার্থক্যটা। কেনসিংটন ওভালের উইকেট ওয়াকার কথা মনে করিয়ে দিতে পারে, কিন্তু গৌহাটি কীভাবে হয়! পেসের কাছে স্পিন তাই বিপুল ব্যবধানে পরাজিত।হরভজন অবশ্য গৌহাটিই মনে করালেন। শুরুই করলেন মেডেন দিয়ে। পাওয়ার প্লেতে ৩ ওভার, তার পরও ৪ ওভারে মাত্র ১৫ রান।ভারতীয় বোলিংয়ে হরভজন ব্যতিক্রম, ব্যাটিংয়ে রোহিত শর্মা। তাঁর ৪৬ বলে ক্যারিয়ার-সর্বোচ্চ অপরাজিত ৭৯-ই ভারতকে বাঁচিয়েছে চূড়ান্ত লজ্জার হাত থেকে। প্রথম ৫ ওভারেই ৪ উইকেট নেই, ৫০ রানে সপ্তম উইকেট। এখান থেকে ১৩৫-ই তো অনেক। দুদিন আগেই টেইট-ন্যানেসরা বুঝিয়ে দিয়েছিলেন, কেনসিংটন ওভালে অস্ট্রেলিয়ান পেসাররা অতিষ্ঠ করে তুলবেন ব্যাটসম্যানদের জীবন। তার পরও প্রতিপক্ষ বাংলাদেশ বলে টেইটদের কিছু নম্বর কাটা গিয়েছিল। কাল ভারতকে যেভাবে উড়িয়ে দিলেন, তাতে লেটার মার্কের কম দেওয়া যাচ্ছে না। তার ওপর আবার মাইকেল ক্লার্ক বলছেন, উইকেটটা নাকি বাংলাদেশের ম্যাচের বিপক্ষে উইকেটের চেয়ে একটু ধীর গতির ছিল!টেইটের চেয়ে বেশি করলেন অবশ্য ন্যানেস। প্রথম ৪ উইকেটের ৩টিই তাঁর। টেইটের তুলনায় গতি কম, কিন্তু সেটিও তো ঘণ্টায় ৯০ মাইলের বেশি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ন্যানেস ছিলেন নেদারল্যান্ডসের। লর্ডসে উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে হারানোর আনন্দটা এখন তাঁর কাছে বোনাস। বেতন? সেটি তো নিয়মিতই পাচ্ছেন অস্ট্রেলিয়ার জার্সি গায়ে জয়োৎসবে মেতে।ভারতকে উড়িয়ে দেওয়ার কথা বললে অবশ্য শেন ওয়াটসন আর ডেভিড ওয়ার্নার আক্ষরিকভাবেই তা দিয়েছেন। ক্লার্ক দাবি করছেন, টি-টোয়েন্টির সেরা দুই ওপেনার তাঁর দলে। ১০.৫ ওভারে ১০৪ রানের উদ্বোধনী জুটির দিন বলতেই পারেন। দুজন মিলে যা করলেন, সেটির নাম ছক্কা-বৃষ্টি! প্রথম ১০ ওভারেই ১১ ছয়! এর চেয়ে সহজ কাজ যেন পৃথিবীতে আর নেই।ঝড়টা সবচেয়ে বেশি গেল জাদেজার ওপর দিয়ে। দুটি ওভারই করলেন। রান দেওয়ায় আশ্চর্য ধারাবাহিকতা—দুই ওভারেই ১৯! ধারাবাহিকতা ছক্কা খাওয়াতেও। প্রথম ওভারের প্রথম তিন বলে ছক্কা মারলেন ওয়াটসন। দ্বিতীয় ওভারের শেষ তিন বলে ওয়ার্নার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৪ নম্বরে নেমে ৩৫ বলে ২৫ করে রানরেটের বারোটা বাজিয়ে ভারতের বিদায় নিশ্চিত করেছিলেন। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ভারতের বিদায়ঘণ্টা বেজে গেলে এবারও বোধ হয় ভিলেনের নাম হবে রবীন্দ্র জাদেজা। শুধু বোলিংয়েই তো শেষ নয়; ব্যাটিংয়ে ৪ রানে রান আউট, ফিল্ডিংয়েও কালির দাগ। তৃতীয় ওভারে ওয়াটসনের রান যখন মাত্র ২, স্কয়ার লেগে তাঁর ক্যাচ ফেলেছেন। ওয়াটসনের ৩২ বলে ৫৪ রানে ৬টি ছক্কা, ওয়ার্নারের ৪২ বলে ৭২-এ ৭টি। অস্ট্রেলিয়ান ইনিংসে মোট ১৬টি ছক্কা, চার মাত্র ৬টি। তার পরও তো ছক্কা মারার সময়টাতে ছক্কা হয়নি। শেষ ৪ ওভারে একটাও ছয় নেই। জহির-নেহরার দারুণ বোলিংয়ে মাত্র ২৩ রান, নইলে অস্ট্রেলিয়ার রানটা দুই শ ছাড়িয়েও অনেক দূর চলে যাবে বলে মনে হচ্ছিল একসময়।সব মিলিয়ে ম্যাচে ২৪টি ছক্কা। ভারতের অমন ছন্নছাড়া ইনিংসেও ৮টি। এর ৬টিই অবশ্য রোহিত শর্মার। বাকি দুটি হরভজন ও জহির খানের। রোহিত ছাড়া শুধু জহিরই ছুঁয়েছেন দুই অঙ্কের রান।ভারতীয় ব্যাটসম্যানদের অবস্থা দেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ১৪১ তাড়া করতে না-পারার ব্যর্থতাটাও আর খুব বড় বলে মনে হলো না। সংবাদ সম্মেলনে মাইকেল ক্লার্ক যখন তাঁর পেস বোলারদের জয়গান গাইলেন আর মহেন্দ্র সিং ধোনি বললেন, শুরুতে উইকেট হারিয়ে ফেলার পর ব্যাটসম্যানদের আরেকটু দেখেশুনে খেলা উচিত ছিল।বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের পর দুই অধিনায়কের প্রতিক্রিয়ার সঙ্গে আশ্চর্য মিল!সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ২০ ওভারে ১৮৪/৫ (ওয়ার্নার ৭২, ওয়াটসন ৫৩, ডেভিড হাসি ৩৫, যুবরাজ ২/২০, নেহরা ২/৩১, পাঠান ১/৩৫), ভারত ১৭.৪ ওভারে ১৩৫ (রোহিত ৭৯*, টেইট ৩/২১, ন্যানেস ৩/২৫, জনসন ১/২৩, ওয়াটসন ১/৩১, স্মিথ ১/৩৪)।