অস্ট্রেলিয়ার অ্যাগার-চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টসের তখন ঘণ্টা খানেক বাকি। মাঠে গা গরম করছিল দুই দল। হঠাৎ দেখা গেল অস্ট্রেলিয়া দলের দিকে এগিয়ে যাচ্ছেন গ্লেন ম্যাকগ্রা। গোল হয়ে দাঁড়ালেন অস্ট্রেলিয়ানরা। ইংলিশদের একসময়কার আতঙ্ক কি তবে কোনো পরামর্শ দেবেন উত্তরসূরিদের? যা হলো, তাতে চোখ ছানাবড়া সবারই। ম্যাকগ্রা ব্যাগি গ্রিন তুলে দিলেন অ্যাশটন অ্যাগারের হাতে। সেই অ্যাগার, যিনি ছিলেন না অ্যাশেজ স্কোয়াডেই!চকিতে অনেকেই ফিরে গেছেন ২৬ বছর আগে। ১৯৮৬-৮৭ অ্যাশেজের শেষ টেস্টে অস্ট্রেলিয়া দলে ডাকল নতুন এক অফ স্পিনারকে। হইচই পড়ে গিয়েছিল পুরো অস্ট্রেলিয়ায়। সেই স্পিনার, পিটার টেলর যে তখন রাজ্য দলেও সুযোগ পাচ্ছিলেন না! সংবাদমাধ্যমের শিরোনাম হলো, ‘পিটার হু?’ এখনো অনেকের বিশ্বাস, ঘরোয়া ক্রিকেটের সে সময় রানের বন্যা বইয়ে দেওয়া মার্ক টেলরের বদলে ভুল করে পিটার টেলরকে ডেকেছিলেন নির্বাচকেরা। পিটার টেলর অবশ্য ভুলকেই সঠিক প্রমাণ করে অভিষেক টেস্টে ৮ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ।এবার অবশ্য ‘অ্যাশটন হু’ ধরনের কোনো শোরগোল হবে না। কারণ দারুণ প্রতিশ্রুতিশীল হিসেবে কিছুদিন ধরেই টুকটাক আলোচনায় ছিলেন ১৯ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। তবে অ্যাশেজের প্রথম টেস্টেই অভিষেক হয়ে যাবে, এটা অনেকের ভাবনার সীমানাতেই ছিল না। ট্রেন্ট ব্রিজের অস্ট্রেলিয়া একাদশে অ্যাগারের নামটাকে তাই বড় এক চমকই বলতে হবে।অবশ্য তাঁর উত্থানটাই বেশ চমকপ্রদ। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে ছিলেন আরেক অ্যাশটন, অ্যাশটন টার্নারের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে। জন্ম-বেড়ে ওঠা মেলবোর্নে, তবে ভিক্টোরিয়ায় সহজে সুযোগ পাবেন না বুঝতে পেরে গত মৌসুমে পাড়ি জমান ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায়। আরেক বাঁহাতি স্পিনার মাইকেল বিয়ারের চোটে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়ে যায় গত জানুয়ারিতে। নজর কাড়েন খুব দ্রুতই। মাত্র দুটি ম্যাচ খেলার পরই গত ফেব্রুয়ারিতে ভারতে পাঠানো হয় টেস্ট দলের সঙ্গে। দলের অংশ হিসেবে যদিও নয়, দলের সঙ্গে থেকে উন্নতির জন্য। ভারত ‘এ’ দলের বিপক্ষে অনুশীলন ম্যাচে ৩ উইকেট পাওয়ার পর টেস্ট অভিষেকের আলোচনাও হচ্ছিল।তখন হয়নি, এবার হয়ে গেল অনেকটা সেভাবেই। ইংল্যান্ডে এসেছিলেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে। এখান থেকেই যাওয়ার কথা ছিল জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে। কিন্তু ক্রিকেট-বিধাতা যে তাঁর জন্য এমন একটা উপহার রেখেছিলেন, অ্যাগার নিজেও কি ভাবতে পেরেছিলেন?ওই আফ্রিকা সফরে ‘এ’ দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল যাঁর, সেই স্টিভেন স্মিথও আছেন ট্রেন্ট ব্রিজের একাদশে। একইভাবে স্কোয়াডের বাইরে থেকে! আর একাদশে থাকার কথা ছিল যাঁর, সেই ডেভিড ওয়ার্নার যাচ্ছেন ‘এ’ দলের হয়ে খেলতে। অর্থাৎ জো রুটকে ঘুষি মারার শাস্তি বাড়ল আরও! কোচ লেম্যান যদিও বলছেন, অ্যাশেজেই আবার ফিরতে পারেন ওয়ার্নার।