অস্ট্রেলিয়ার আইরিশ-সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ম্যাচ শেষ করে তবেই শান্তির ঘুম’—মিকি আর্থারের কথা শুনে মনে হবে বুঝি সামনে বিশ্বকাপ ফাইনাল। আদতে ফাইনাল দূরে থাক, ম্যাচটা বিশ্বকাপে দলের প্রথম। তার পরও অস্ট্রেলিয়ার কোচের কথা শুনে কেউ খুব একটা অবাক নয়। কারণ, ম্যাচটা ‘প্রথম’ আর প্রতিপক্ষ আয়ারল্যান্ড!টি-টোয়েন্টি বিশ্বকাপে দৈত্য-বধের আদর্শ ক্ষেত্র প্রথম ম্যাচটাই। এই অস্ট্রেলিয়াই তো অঘটনের শিকার হয়েছিল ২০০৭ বিশ্বকাপে। প্রথম ম্যাচে হেরে বসেছিল জিম্বাবুয়ের কাছে। সেবার বাংলাদেশ উড়িয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। ২০০৯ বিশ্বকাপ শুরুই হয়েছিল অঘটন দিয়ে, হল্যান্ডের কাছে হেরেছিল স্বাগতিক ইংল্যান্ড। আর গত কয়েক বছরে আয়ারল্যান্ড হয়ে উঠেছে ‘বড় মাছের’ সবচেয়ে বড় শিকারি। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান, ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড শিকার আইরিশদের। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার সতর্ক হওয়ার কারণ আছে বৈকি!ছোট ক্রিকেটে এমনিতে সময়টাও খুব ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার। পাকিস্তানের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টি হারের পর র‌্যাঙ্কিংয়ে নেমে গিয়েছিল দশে, আয়ারল্যান্ডেরও নিচে। শেষ ম্যাচ জিতে আইরিশদের ওপরে উঠেছে বটে, কিন্তু শ্রীলঙ্কায় এসে প্রস্তুতি ম্যাচে হেরে বসেছে ইংল্যান্ডের কাছে। দলে যেন একটু অস্থিরতা, খুঁজে পাওয়া যাচ্ছে না সঠিক সমন্বয়ও। কদিন আগেও যিনি ছিলেন অপরিহার্য, সেই ডেভিড হাসি এখন একাদশের বাইরে। টিম ম্যানেজমেন্ট ভরসা রাখছে তরুণ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের ওপর। সব মিলিয়ে বর্তমান রানার্সআপদের পক্ষে বাজি ধরার লোক খুব বেশি পাওয়া যাচ্ছে না। তবে কয়েকজন ‘ম্যাচ উইনার’ নিয়ে দলটা এমনই ভারসাম্যপূর্ণ যে, ঘুরে দাঁড়ানো শুধু সময়ের ব্যাপার।আইরিশদের অস্ট্রেলিয়ান বধের মন্ত্র পড়াচ্ছেন একজন অস্ট্রেলিয়ানই। গত মে মাসে অস্ট্রেলিয়ার বোলিং কোচের দায়িত্ব ছাড়া ক্রেইগ ম্যাকডারমট এখন আয়ারল্যান্ডের বোলিং কোচ। অসিদের হাঁড়ির তরতাজা খবর তাই পেয়ে যাচ্ছে আইরিশরা। তবে শক্তির ফারাক এতটাই যে, হাঁড়ির খবর জেনেও মাঠে খুব বেশি উপকৃত হওয়ার সম্ভাবনা নেই। আইরিশরা যদি খেলতে পারে সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে আর অস্ট্রেলিয়ানদের যদি আসে একটি খারাপ দিন—তবেই শুধু আজ প্রেমাদাসায় নির্মিত হতে পারে আরেকটি দৈত্য-বধ উপাখ্যান। ওয়েবসাইট।