অস্ট্রেলিয়ার আত্মোপলব্ধির প্রয়োজন: পন্টিং
বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া এখন আর অজেয় নয়। এই তো মাত্র কিছুদিন আগেও আইসিসি র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার পরের জায়গাটি নিয়ে লড়াই হতো টেস্ট ক্রিকেটের বাকি দেশগুলোর মধ্যে। টেস্টে পরাজয় কাকে বলে তা প্রায় ভুলতেই বসেছিল অস্ট্রেলীয় ক্রিকেটাররা। তবে জীবনের চিরন্তন নিয়মে সবকিছুরই শেষ আছে। অস্ট্রেলিয়ার অজেয় ব্যাপারটিতেও বোধ হয় ইতি হয়ে গেছে। তার প্রমাণ অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া কি পতনের ঘণ্টাধ্বনি শুনতে পাচ্ছে? অন্তত অ্যাডিলেডে যেভাবে দলটি ইংলিশদের হাতে নাস্তানাবুদ হলো—তাতে এ আলোচনাটা বোধ হয় শুরু করেই দেওয়া যায়।অসি অধিনায়ক রিকি পন্টিংয়ের জন্য মায়াই হয়। ক্যারিয়ারের একটা বড় সময় ধরে অস্ট্রেলিয়ার সর্বজয়ী দলের সদস্য ছিলেন। অস্ট্রেলিয়াকে সর্বজয়ী দলে পরিণত করার পেছনে পন্টিংয়ের অবদানও কম নয়। অধিনায়ক হওয়ার পরও নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু দলটির পতনও যে তাঁর হাত দিয়ে হবে, তা কি কখনো ভেবেছিলেন পন্টিং?অ্যাশেজের দ্বিতীয় টেস্টে হেরে যাওয়ার পর কোনো অজুহাত খুঁজছেন না তিনি। বলেছেন, ‘এ মুহূর্তে দলের খেলোয়াড়দের আত্মোপলব্ধির সময় এসেছে। এ পরাজয়ের জন্য আর কিছু নয়, খেলোয়াড়দের জঘন্য পারফরম্যান্সই দায়ী। আসলে প্রথম ইনিংসে ২৪৫ রানে অল আউট হয়েই সর্বনাশের চূড়ান্ত হয়েছে। অ্যাডিলেডের উইকেটে প্রথম ইনিংসে এত কম রানে আউট হওয়ার পরেই বুঝেছি, কপালে দুঃখ আছে আমাদের।’দলকে আত্মোপলব্ধির ব্যাপারে উদ্বুদ্ধ করেই ক্ষান্ত হননি পন্টিং। বিজয়ী ইংল্যান্ডেরও আন্তরিক প্রশংসা করেছেন তিনি। পন্টিং বলেছেন, ‘ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই ইংল্যান্ড আমাদের পেছনে ফেলেছে। খেলায় শৃঙ্খলা কাকে বলে ইংল্যান্ড আমাদের দেখিয়ে দিয়েছে।’এ মুহূর্তে অস্ট্রেলিয়া দলের বিশ্রামের বড় প্রয়োজন বলে মনে করেন পন্টিং। ‘মানছি ইংল্যান্ড কালই পরের টেস্ট শুরু করতে পারলে খুশি, কিন্তু বিশ্বাস করুন, এ মুহূর্তে আমাদের বিশ্রামের বড় প্রয়োজন। সবাইকে ভাবতে হবে, দলকে নিয়ে, নিজেদের নিয়ে। আত্মোপলব্ধির এটাই সবচেয়ে সেরা সময়।’ দ্য গার্ডিয়ান।