অস্ট্রেলিয়ার আবার স্পিন-পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্তের দাগ এখনো শুকায়নি, স্বাভাবিক জীবনযাত্রা শুরু হলেও জনমনে চাপা আতঙ্ক। দিন দশেক আগের বোমা হামলার পর হায়দরাবাদ এখন ভয়ার্ত এক শহর। অথচ অস্ট্রেলিয়ানদের ভয় নেই। অন্য যেকোনো দেশ হলে এই শহরে খেলা দূরের কথা, দেশ থেকেই পত্রপাট বিদায় নিশ্চিত করত অস্ট্রেলিয়া। কিন্তু ক্রিকেট-বাণিজ্যের লক্ষ্মী ভারত বলে কথা। ডেভিড ওয়ার্নার তাই হাসিমুখে বলে দিয়েছেন, ‘কোনো ভয় নেই, নিরাপত্তাব্যবস্থা তো দারুণ!’তবে অস্ট্রেলিয়ানদের মধ্যে ভীতি ছড়িয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় সংবাদমাধ্যমে খবর, কিউরেটরকে ভারতের অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছেন এমন টার্নিং উইকেট বানাতে, যাতে ম্যাচ চার দিনেও না গড়ায়। অস্ট্রেলিয়ানদের শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বইতে শুরু করেছে এর মধ্যেই। ম্যাচ শুরু আজ। অথচ গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মাইকেল ক্লার্ক বলতে বাধ্য হলেন, ‘গতকাল উইকেট দেখেই মনে হয়েছে যেন টেস্টের তৃতীয় বা চতুর্থ দিনের উইকেট!’টেস্ট শুরুর দুই দিন আগেই যদি উইকেটকে তৃতীয় বা চতুর্থ দিনের মতো মনে হয়, সত্যিকারের তৃতীয়-চতুর্থ দিনে কী হবে! গত টেস্টের কথা মনে রাখলে এই টেস্টের পরিণতিটা সহজেই আন্দাজ করা যায়। তবে ক্লার্ক ভড়কে যাচ্ছেন না। ইতিবাচক অধিনায়ক হিসেবে দারুণ সুনাম কুড়ানো ক্লার্ক সতীর্থদের সাহস জোগাচ্ছেন দুটি ভরসায়। প্রথম, টেস্ট শুরুর দুই দিন আগে থেকেই ভাঙতে শুরু করলেও রাজীব গান্ধী স্টেডিয়ামের এই উইকেটের ধরনটা আলাদা। চিদাম্বরমের মতো ‘কাদামাটির’ উইকেট নয় এটি। ক্লার্কের বিশ্বাস, উইকেটে খানিকটা গতিও থাকবে, ‘আমার ধারণা, গত টেস্টের চেয়ে এই উইকেটে গতি বেশি থাকবে, কারণ এই উইকেট বেশ শক্ত। সময় গড়ানোর সঙ্গে উইকেট অবশ্যই ভাঙবে, সেটাও একদিক থেকে আমাদের ফাস্ট বোলারদের জন্য ভালোই হবে কারণ বাউন্স থাকবে অসমান। অবশ্য তার পরও প্রথম দিন থেকেই বড় ভূমিকা থাকবে স্পিনের।’ বিস্ময়কর হলেও সত্যি, ক্লার্কের সাহসের আরেকটি ভিত্তি গত টেস্টের অভিজ্ঞতা, ‘আমার মনে হয় না চেন্নাইয়ের চেয়ে কঠিন উইকেট আমরা আর পাব। খুব কঠিন উইকেট ছিল সেটি, সবচেয়ে কঠিন উইকেটে আমরা খেলে ফেলেছি।’ উইকেট দেখেই দুই স্পিনার খেলানোর সম্ভাবনা থেকে খানিকটা সরে এসেছে অস্ট্রেলিয়া। অপরিবর্তিত একাদশ নিয়ে নামার সম্ভাবনাই বেশি। যদিও চেন্নাইয়ে স্পিনে একেবারেই নড়বড়ে মনে হওয়া ফিল হিউজের জায়গায় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে খেলানোর কথাও ভাবা হচ্ছে। শেষ মুহূর্তে উইকেট দেখেও ভাবনাটা বদলাতে পারে। আগের টেস্ট শুরুর দু-তিন দিন আগেই একাদশ ঘোষণা করে দেওয়া অস্ট্রেলিয়া তাই কাল বিকেল পর্যন্ত জানায়নি একাদশ।কিউরেটরকে দেওয়া নির্দেশেই প্রমাণ, জয়ের জন্য কতটা মরিয়া ধোনি। ইংল্যান্ডের বিপক্ষে ১-০-তে এগিয়ে গিয়েও সিরিজ হারতে হয়েছে কদিন আগে। চান না এবারও সেটা ঘটুক। প্রথম দিন থেকেই বনবন করে বল ঘুরলে ‘কেলেঙ্কারি হতে পারে’ বা ‘অনেক কথা উঠতে পারে’ এমন কিছু বলেও ধোনিকে মানাতে পারছে না হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। স্পিন-স্বর্গ বানিয়ে অস্ট্রেলিয়ানদের নরক-যন্ত্রণা দিতে চান ভারতের দলপতি।মরিয়া হয়ে উঠেছেন আরেকজন। ৫১ টেস্ট সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকার ব্যাকুল হয়ে আছেন একটা টেস্ট সেঞ্চুরির স্বাদ পেতে। ২৬ মাস হয়ে গেল যে স্বাদটা চেখে দেখতে পারেননি। এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে রঙিন পোশাকে ১৭৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন সাড়ে তিন বছর আগে। এবার সাদা পোশাকেও চান তেমন কিছু করতে।এই মাঠে দুটি মাত্র টেস্ট হয়েছে, দুটিতেই ভারতের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। ২০১০ সালে ড্র হয়েছিল, গত আগস্টে ভারত জিতেছিল ইনিংস ও ১১৫ রানে। এ ম্যাচে আবার ক্যারিয়ার-সেরা বোলিং (১২/৮৫) করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই অনুপ্রেরণাতেই অস্ট্রেলীয়দের আবার ছিঁড়েখুঁড়ে খেতে নামবেন চেন্নাইয়ে ১২ উইকেট পাওয়া স্পিনার। এক পেসার কমিয়ে প্রজ্ঞান ওঝাকে নিয়ে চার স্পিনার খেলানোর কথা ভাবছে ভারত। তবে স্পিনার শেষ পর্যন্ত তিনজন হোক বা চার—ক্লার্কদের জন্য অপেক্ষা করছে আরেকটি কঠিন পরীক্ষা। ওয়েবসাইট।