অস্ট্রেলিয়ার আরেকটি সহজ জয়
বাংলাদেশ সিরিজ থেকে দারুণ এক ধারা শুরু হয়েছে রিকি পন্টিংয়ের। এপ্রিলের শুরুতে ওই সিরিজ থেকে কাল পর্যন্ত অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের রান ৩৪...৩৭...৪৭...৫৩...কাল অপরাজিত ৯০। দল জিতে যাওয়ায় হাম্বানটোটায় কাল শেষ পর্যন্ত সেঞ্চুরিটা হলো না। তবে ক্রমোন্নতির যে ধারা, হয়তো আগামী ম্যাচেই হবে!টি-টোয়েন্টি সিরিজে উজ্জ্বল শ্রীলঙ্কানরা পুরোপুরি বিবর্ণ ওয়ানডে সিরিজে। দেশের মাটিতে সব সময়ই অপ্রতিরোধ্য লঙ্কানরা হারল ৫ ম্যাচ সিরিজের প্রথম দুটিতেই। প্রথম ওয়ানডেতে বলতে গেলে শ্রীলঙ্কাকে একাই গুঁড়িয়ে দিয়েছিলেন মিচেল জনসন। কাল জ্বলে উঠলেন অস্ট্রেলিয়ার সব পেসারই। আগের ম্যাচে ১৯১ রানে গুটিয়ে যাওয়া শ্রীলঙ্কা কাল কোনো রকমে দুই শ পেরিয়েই শেষ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় বোলাররা দারুণ কিছু করবেন কী, অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের দাপটে তাঁরাও দিশেহারা। প্রথম ম্যাচে ৭ উইকেটের জয়ের পর কালকের জয় ৮ উইকেটে!বিশ্বকাপে দুটি ম্যাচ হয়েছিল হাম্বানটোটার এই মাহিন্দা রাজাপক্ষে স্টেডিয়ামে। দুটিই ছিল ছোট ম্যাচ। কালই প্রথম বড় কোনো ম্যাচ হলো এই স্টেডিয়ামে। দর্শক তবু আশানুরূপ হয়নি, যাঁরাও এলেন ফিরেছেন ব্যর্থ মনে। উইকেট পাল্লেকেলের মতো ব্যাটিং উপযোগী ছিল না। তবে অন্তত আড়াই বা তার কাছাকাছি প্রয়োজন ছিল লড়াইয়ের জন্য। যথারীতি শ্রীলঙ্কার শুরুটা ছিল সম্ভাবনাময়। কিন্তু জোড়ায় জোড়ায় উইকেট হারিয়ে সম্ভাবনা নষ্ট করেছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। গড়ে ওঠেনি বড় কোনো জুটি। ইনিংসে ফিফটি জুটি একটিই। ৭৭ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে ৬৩ রানের জুটি গড়েন সাঙ্গাকারা ও ম্যাথুস। ৫২ রান করে সাঙ্গাকারার আউটে ভাঙে এই জুটি। শ্রীলঙ্কা দুই শ ছাড়াতে পারে নুয়ান কুলাসেকারা আবারও ব্যাটসম্যান হয়ে দাঁড়ানোয়। আগের ম্যাচের মতো কালও করেছেন ৩৪।অস্ট্রেলীয় ব্যাটিংয়ের শুরুটাও আগের মতোই, যথারীতি ব্যর্থ ব্রাড হাডিন। শেন ওয়াটসন কাল ঠিক নিজের মতো ঝড় তুলতে পারেননি। তবে কার্যকর একটি ইনিংস ঠিকই খেলেছেন। পন্টিংয়ের সঙ্গে দ্বিতীয় উইকেটে তাঁর ৯৪ রানের জুটিই প্রাথমিক ধাক্কা সামলে জয়ের দিকে নিয়ে যায় অস্ট্রেলিয়াকে। লাসিথ মালিঙ্গার দুরন্ত এক ইনসুইং ইয়র্কার ওয়াটসনকে ফিফটি পেতে দেয়নি। তবে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের। সাবেক ও বর্তমান অধিনায়কের ১০৭ রানের অপরাজিত জুটি সহজ জয় এনে দেয় অস্ট্রেলিয়াকে। ৪৯তম ফিফটি করে অপরাজিত থাকেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। ওয়েবসাইট।