টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার পাকিস্তান-জুজু যেন কাটছেই না। এ নিয়ে ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণে পাঁচবার পাকিস্তান হারাল অস্ট্রেলিয়াকে। গত পরশু দুবাইতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জর্জ বেইলির দল ৮৯ রানে অলআউট হয়ে হেরেছে ৭ উইকেটে। ৩১ বল হাতে রেখেই জিতেছে পাকিস্তান। রান তাড়া করে জয়ী দলের বল বাকি থাকার হিসেবে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পরাজয়।দৃষ্টিসীমায় যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ, তখন এমন ফলাফল অস্ট্রেলিয়ার জন্য উদ্বেগের বৈকি। অধিনায়ক জর্জ বেইলিও মানছেন, এমন খেললে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে খালি হাতেই ফিরতে হবে তাঁদের। তা ছাড়া এ সিরিজটা হারলে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে যেতে হবে অস্ট্রেলিয়াকে। এমনকি আয়ারল্যান্ডও তখন র্যাঙ্কিংয়ে থাকবে অস্ট্রেলিয়ার ওপরে। কেন এই বিপর্যয়? দৃশ্যত ওয়ানডে সিরিজের মতো পাকিস্তানের স্পিনের কাছেই আরেকবার নাকাল হতে হয়েছে। আজমল-হাফিজ-রাজা ত্রয়ী মিলে শুধু যে ৬ উইকেট নিয়েছেন তা-ই নয়, ক্রিজে তাঁরা একরকম বোতলবন্দী করে রেখেছিলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের। একটিও ৬ নেই, ৪ ছিল মাত্র তিনটি! অথচ এই সিরিজের আগে ডারউইনে প্রস্তুতি ক্যাম্পে স্পিন নিয়ে অনেকটা সময় ব্যয় করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। সেই টোটকা যে খুব একটা কাজে দেয়নি সেটা বেইলি স্বীকারও করলেন, ‘স্পিনাররা ছিল দুর্দান্ত। ওয়ানডে টুর্নামেন্টে স্পিনাররাই ছিল ওদের মূল চাবিকাঠি।’ আজ দ্বিতীয় ম্যাচ, তৃতীয় ও শেষ ম্যাচটি আগামী সোমবার। এখনো সিরিজ জয়ের আশা ছাড়েননি বেইলি, ‘আমি এখনো বিশ্বাস করি, আমরা এটা জিততে পারব। অবশ্যই। তবে আমরা আজকের মতো (পরশু) খেললে পারব না। আশা করব, ওটা ছিল কেবল বাজে একটা পারফরম্যান্স।’ টপ-অর্ডারের মুখ থুবড়ে পড়াটাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তবে বিশ্বকাপের আগে পাকিস্তানি স্পিনারদের বিপক্ষে খেলাটা আখেরে কাজে দেবে বলেও বিশ্বাস করেন বেইলি। ওয়েবসাইট।