অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ব্রেট লি ও শন টেইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশেজ সিরিজে লজ্জাজনকভাবে বিধ্বস্ত্ত হওয়ার পর এবার ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। আর এবার তাদের নখদন্তহীন বোলিং আক্রমণকে কিছুটা শাণিয়ে নিতে স্পিডস্টার ব্রেট লি ও শন টেইটকে দলে ডাকার সিদ্ধান্ত নিয়েছে অসি নির্বাচকেরা। ১৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল এই দুই পেসার।ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে কাটাতে হয়েছে দুজনকেই। তবে সম্প্রতি ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের আসরে অংশ নিয়ে ভালো পারফরমেন্স দেখিয়েছেন ব্রেট লি। অস্ট্রেলিয়ার নির্বাচকমণ্ডলীর সভাপতি অ্যান্ড্রু হিলডিচ আশা করছেন, আবারও বিধ্বংসী ভূমিকায় আবির্ভূত হতে পারবেন অসি পেস আক্রমণের অন্যতম প্রধান এই দুই বোলার। ব্রেট লি ও শন টেইট মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত উল্লেখ করে তিনি বলেছেন, ‘টেইট সম্ভবত অন্য যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি ভালো অবস্থায় আছে। আর সামনের এই সীমিত ওভারের ম্যাচগুলোতেই সে আবার পুরোনো রুপে ফিরে আসতে পারবে। ব্রেট যদিও অনেক দীর্ঘ সময় মাঠের বাইরে ছিল, তার পরও আমি আশা করছি পুরোনো ফর্ম ফিরে পেতে সেও তার সর্বোচ্চ চেষ্টাটাই করবে।’১৪ সদস্যের এই দলটার মধ্যে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলটারও অনেক প্রতিফলন পাওয়া যাবে বলে কিছুটা ইঙ্গিত দিয়েছেন হিলডিচ। তবে এখনই এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ক্যামেরন হোয়াইট, ডগ বলিঙ্গার, জাভিয়ের ডোহার্টি, ব্রাড হাডিন, নাথান হরিজ, ডেভিড হাসি, মাইক হাসি, মিচেল জনসন, ব্রেট লি, পিটার সিডল, স্টিভ স্মিথ, শন টেইট, শেন ওয়াটসন। রয়টার্স।