অস্ট্রেলিয়ার কল্যাণে টি-টোয়েন্টির নতুন বিজ্ঞান
বাজিকরেরা কী রেট দিচ্ছে, জানা নেই। তবে অস্ট্রেলিয়ার পক্ষে বাজি ধরে বাজিমাত করলেও যে খুব একটা লাভ হবে না, সেটি অনুমান করা যাচ্ছে। কাল সকালে আবার সূর্য উঠবে, এটি যেমন বাজির বিষয় হতে পারে না; অস্ট্রেলিয়ার এই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা না-জেতাটাও যে প্রায় একই রকম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে!খেলাটা ক্রিকেট। তার ওপর টি-টোয়েন্টি। ৪-৫টা ওভারই যেখানে সব হিসাব এলোমেলো করে দিতে যথেষ্ট। এটা জেনেও কোনো দল সম্পর্কে এমন বলে ফেলা যায় কখন? যখন কোনো দল অস্ট্রেলিয়ার মতো খেলে!এসব ভবিষ্যদ্বাণীকে মিথ্যা প্রমাণ করতে ক্রিকেট বড় আনন্দ পায়। ১০ মাস আগে ইংল্যান্ড বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকেও তো একই রকম অজেয় বলে মনে হচ্ছিল। অথচ সেমিফাইনালে গিয়ে মুখ থুবড়ে পড়ল সেই দল! বিস্ময়? একটুও নয়। বরং দক্ষিণ আফ্রিকা যে পথের শেষ দেখতে দেখতেই পথ হারিয়ে ফেলবে, সেটি যেন সবার জানাই ছিল। এমনই তো হওয়ার কথা। চাপে ওরা ভেঙে পড়ে। ওরা ‘চোকার্স’!ঘোর শত্রুও অস্ট্রেলিয়াকে এই অপবাদ দেওয়ার সাহস পাবে না। বরং চাপ যত বেশি, অস্ট্রেলিয়া যেন ততই উদ্ভাসিত। এই বিশ্বকাপেই দেখুন না! বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ৬৫, দাঁড়িয়ে গেলেন মাইক হাসি। পরশু শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে ৬৭, দাঁড়িয়ে গেলেন ক্যামেরন হোয়াইট। টি-টোয়েন্টির ৬ নম্বরের ৩০-৩৫ রানই যেখানে নিয়তি, সেখানে হোয়াইট অপরাজিত ৮৫।বাংলাদেশ তো তা-ও এক শ পার করেছিল। শ্রীলঙ্কা সেটিও পারেনি। এই ম্যাচের অস্ট্রেলিয়া রীতিমতো ভয়ের কাঁপন ছড়িয়ে দিয়েছে বাকি দলগুলোর শিরদাঁড়ায়। এর আগ পর্যন্ত যে মনে হচ্ছিল, অস্ট্রেলিয়াকে কেউ যদি চ্যালেঞ্জ জানাতে পারে, সেটি শ্রীলঙ্কাই। মাইকেল ক্লার্ক যখন বলছেন, ‘পরিস্থিতি যা-ই হোক, আমরা সব সময়ই বিশ্বাস করি, আমরা জিততে পারব’, সবার মাথা ঝোঁকানো ছাড়া উপায় থাকছে না। অস্ট্রেলিয়াকে সব সময়ই আলাদা করে রেখেছে এই আত্মবিশ্বাস। সব বড় দলকেই। ওয়ারউইক আর্মস্ট্রংয়ের অস্ট্রেলিয়া। ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়া। ক্লাইভ লয়েড-ভিভ রিচার্ডসের ওয়েস্ট ইন্ডিজ। যোগ করতে পারেন স্টিভ ওয়াহ-রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়াকেও। ওয়েস্ট ইন্ডিজের প্রথম পেস চতুষ্টয়ের একজন কলিন ক্রফট ইংল্যান্ডের বিপক্ষে একটা ওয়ানডে ম্যাচের কথা বলছিলেন। প্রথমে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ ১২৫ রানে অলআউট। এর পর ড্রেসিংরুমে যে কথাবার্তা হলো, তার সংক্ষিপ্তসার এক কথায় বলে দিলেন ক্রফট, ‘আমরা ম্যাচটা জেতার সিদ্ধান্ত নিলাম।’শুনে গা শিউরে উঠেছিল। কোনো দল ম্যাচ জেতার আশা করতে পারে, জেতার সিদ্ধান্ত নেয় কীভাবে!কোত্থেকে আসে এই আত্মবিশ্বাস? যাঁর কাছে এই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর পেয়েছিলাম, সেদিনও এক ভারতীয় সাংবাদিক তাঁর ব্যাপারে খোঁজখবর করছিলেন। ২০০৭ বিশ্বকাপে আসেননি বলে ঘটনাটা যে জ্যামাইকায়, সেটি মনে নেই। মনে করিয়ে দেওয়ার পর প্রশ্ন—কোন হোটেলে মারা গিয়েছিলেন, হিলটন হোটেলের ওই রুমটা কি এখন ভাড়া দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি। সফররত কোনো সাংবাদিকের কাছে ওয়েস্ট ইন্ডিজ মানেই যেন বব উলমারের ওই রহস্যজনক মৃত্যু। স্বাভাবিক মৃত্যু না খুন—এ নিয়ে সংশয় এখনো বতর্মান। স্বর্গবাসী সেই উলমার অস্ট্রেলিয়ানদের আত্মবিশ্বাস যে কোনো ম্যাজিক নয়, এর পেছনে অনেক পরিশ্রম আর সাধনা লুকিয়ে সেটি বোঝাতে গিয়ে বলেছিলেন, ‘প্র্যাকটিসে একটা কাজ ১০ বারের মধ্যে নয়বার করতে পারলে ম্যাচেও তা করতে পারার বিশ্বাসটা কেন থাকবে না?’এটি না হয় টেস্ট-ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অনেক বছর অজেয় হয়ে থাকার রহস্য, তাই বলে টি-টোয়েন্টিতেও এমন মনে হবে তাদের? প্রথমত ক্রিকেটের সবচেয়ে অনিশ্চিত ফরম্যাট, তার ওপর এটিতেই অস্ট্রেলিয়ার রেকর্ড সবচেয়ে খারাপ। আগের দুটি বিশ্বকাপের সেমিফাইনালেও ওঠা হয়নি, গতবার তো প্রথম রাউন্ড থেকেই বাদ।নটিংহামের একই হোটেলে থাকার সুবাদে ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম রাউন্ডে বাদ পড়ার পর অস্ট্রেলিয়ানদের খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। ওদের চোখে লজ্জা-অপমানটাই শুধু দেখেছিলাম, প্রতিজ্ঞাটা চোখে পড়েনি। ওই বিশ্বকাপের পরপরই অ্যাশেজ বলে একেবারেই চলে এসেছিল অস্ট্রেলিয়া। প্রথম রাউন্ডেই বাদ হয়ে যাওয়ার অভাবিত ঘটনার পর মাঝখানে বাড়তি কটা দিন ঝামেলাই হয়ে গিয়েছিল। সাহায্যে এগিয়ে এসেছিল ইংলিশ মিডিয়া। এক পত্রিকা মাঝের ওই কটা দিন রিকি পন্টিং কী কী করতে পারেন, তার একটা তালিকাও দিয়ে দিয়েছিল। তার মধ্যে সবচেয়ে কম অপমানজনক যেটি মনে পড়ছে তা হলো—চিড়িয়াখানায় গিয়ে শিম্পাঞ্জি দেখা!সেই অপমান অস্ট্রেলিয়া মনে রেখেছে। টি-টোয়েন্টিটা যে ‘ফান ক্রিকেট’ থেকে সিরিয়াস ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেটি বুঝতে একটু দেরি করার ভুলটা শুধরে নিতেও সময় নেয়নি। রিকি পন্টিং যে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেললেন, তাতে এই উপলব্ধির ভূমিকাও ছিল। অস্ট্রেলিয়ান নির্বাচকেরা খুব বিবেচক, আবার খুব নিষ্ঠুরও। ডেভিড বুনকে ফর্ম থাকতে থাকতেই সরে যেতে হয়েছে। ইয়ান হিলির শততম টেস্ট খেলার ইচ্ছা মূল্য পায়নি। টি-টোয়েন্টি নিয়ে তাঁদের নতুন ভাবনায় রিকি পন্টিংয়েরও স্থান সংকুলান হয়নি।ইংল্যান্ডে ওই লজ্জার পর থেকে টি-টোয়েন্টিতে আর হারেনি অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টির বিজ্ঞান নতুন করে লেখার কাজও করে যাচ্ছে একই সঙ্গে। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের খেলা আর এটাও একটু পারে-ওটাও একটু—এমন অলরাউন্ডারদের। বোলার যাঁরা থাকবেন, রানের স্রোতে বাঁধ দেওয়াটাই হবে তাঁদের প্রধান যোগ্যতা। এত দিন প্রচলিত এই ধারণাকে জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে ক্রিকেটের পুরোনো সত্যটাকে টি-টোয়েন্টিতেও নিয়ে এসেছে অস্ট্রেলিয়া। রান আটকানোর সবচেয়ে বড় উপায় হলো উইকেট নেওয়া। এ কারণেই দলে তিনজন স্পেশালিস্ট ফাস্ট বোলার। অফ স্পিনার নাথান হরিজের জায়গায় লেগ স্পিনার স্টিভ স্মিথ।ক্রিকেট রহস্য করতে ভালোবাসে। চ্যাম্পিয়নস ট্রফি জিততে অস্ট্রেলিয়াকে পঞ্চম আসর পর্যন্ত অপেক্ষা করতে হওয়ার এই একটাই ব্যাখ্যা। টি-টোয়েন্টি বিশ্বকাপও সেই রহস্যের পথে হাঁটলেই শুধু ট্রফিটা অস্ট্রেলিয়ায় না-ও যেতে পারে। আপাতত অবশ্য ৫০ ওভারের গত দুটি বিশ্বকাপের কথাই মনে হচ্ছে। মনে আছে তো! ২০০৩ দক্ষিণ আফ্রিকার পর ২০০৭ সালে এই ওয়েস্ট ইন্ডিজেও অস্ট্রেলিয়া অপরাজিত চ্যাম্পিয়ন।