অস্ট্রেলিয়ার কষ্টার্জিত জয়
নিজেদের ইনিংসের শেষ ২৯ বল খেলার সুযোগ পায়নি পাকিস্তান। ওই ২৯ বল অব্যবহূত রেখেই ১৯৮ রানে অলআউট হয়ে যাওয়ার ব্যাপারটিকেই অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে মনে ধন্যবাদ দিতে পারেন। পাকিস্তানের ১৯৮ রানের জবাবে ১০ বল হাতে রেখে অস্ট্রেলিয়া যে জয়টি পেল, তাতে ওই অব্যবহূত ২৯ বলের যে বড় অবদান! পাকিস্তানি অধিনায়ক মিসবাহ-উল হকও আফসোস করতে পারেন পুরো ৫০ ওভার না খেলতে পারার জন্য। অব্যবহূত ২৯ বল ব্যবহার করলে অস্ট্রেলিয়ার জয় পাওয়াটা যে হতো আরও কঠিন।অস্ট্রেলিয়া ম্যাচ জিতে সবচেয়ে বড় ধন্যবাদটি দেবে জর্জ বেইলি ও গ্লেন ম্যাক্সওয়েলকে। বেইলির ৮৮ বলে ৫৭ ও ম্যাক্সওয়েলের ৩৮ বলে ৩৮ রানের ইনিংস দুটিই যে শেষ পর্যন্ত চরম বিপর্যয়ের মুখে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেছে। এর আগে অধিনায়ক মাইকেল ক্লার্কের অধিনায়কোচিত ৬৬ রান অস্ট্রেলিয়াকে দেখিয়েছিল জয়ের পথ। পাকিস্তানের ১৯৮ রানের আপাতদৃষ্টির সহজ এক সংগ্রহ তাড়া করতে নেমে প্রথমেই উল্টোপথে হাঁটা শুরু করে অস্ট্রেলিয়ার ইনিংস। দলীয় ১৩ রানে ডেভিড ওয়ার্নার, ৪২ রানে ম্যাথু ওয়েড, ৫৭ রানে মাইক হাসি ও ৬৭ রানে ডেভিড হাসি আউট হয়ে গেলে অসিদের শুরুটা হয় দুঃস্বপ্নময়। ক্লার্ক বেইলিকে সঙ্গে নিয়ে এর পরপরই গড়ে তোলেন ৫৪ রানের এক গুরুত্বপূর্ণ জুটি। এ জুটিই মূলত মহা বিপর্যয়কর পরিস্থিতি সামাল দিয়ে অস্ট্রেলিয়াকে এনে দেয় লড়াই করার রসদ। পাকিস্তানের স্কোর মোটামুটি হাতের নাগালে থাকার কারণে, ক্লার্ক আউট হওয়ার পর বেইলি ও ম্যাক্সওয়েলের ৬৬ রানের জুটিই কষ্ট করে হলেও লক্ষ্যে পৌঁছে দেয় অস্ট্রেলিয়াকে। গোটা অস্ট্রেলিয়া দল এ জন্য ধন্যবাদ জানাতে পারে তরুণ পেসার মিচেল স্টার্ককে। ৪২ রানের বিনিময়ে তাঁর তুলে নেওয়া ৫ উইকেটই মূলত জয়ের ভিত প্রাথমিকভাবে গড়ে দিয়েছিল অস্ট্রেলিয়ার।টসে জিতে শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল পাকিস্তান। মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদ উদ্বোধনী জুটিতে ২০ রান তোলার পরপরই আউট হয়ে যান মোহাম্মদ হাফিজ। এরপর দলীয় ২৮ রানে ফিরে যান আজহার আলী। ৪০ রানে ফেরেন নাসির জামশেদ। অতিরিক্ত শট খেলার প্রবণতাই মূলত কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ভুগিয়েছে পাকিস্তানকে। নাসির জামশেদ নিজের ইনিংসের শুরুটা করেছিলেন চমত্কারভাবেই। কিন্তু অফ স্টাম্পের বাইরের একটি বলকে খোঁচা দিয়ে তিনি নিজের সর্বনাশ ডেকে আনেন। আসাদ শফিক ৫৬ রানের একটি সুন্দর ইনিংস খেললেও মাথা গরম করে বেরিয়ে এসে মারতে গিয়ে তিনি বোল্ড হন। উমর আকমলেরও একই অবস্থা। ৫২ রান করে তিনি মাথা গরম করেই মূলত নিজের ইনিংসটিকে বড় করতে পারেননি। কাল পাকিস্তানের ইনিংসে মাত্র চারজন ব্যাটসম্যানের দুই অঙ্ক স্পর্শ করার ব্যাপারটিও যথেষ্ট ভাবাবে কোচ ডেভ হোয়াটমোরকে। এই চার ব্যাটসম্যানের মধ্যে দুজনের ব্যাট থেকে আবার এসেছে ফিফটি। বাকি ব্যাটসম্যানরা কাল ব্যর্থতার ষোলোকলাই পূর্ণ করেছেন। নাসির জামশেদ, আসাদ শফিক ও উমর আকমলের পাশাপাশি দুই অঙ্ক স্পর্শ করেছেন মিসবাহ-উল হক। অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্কের পাশাপাশি জেমস প্যাটিনসনের সংগ্রহ ৩ উইকেট। এ ছাড়া মিচেল জনসন ও ড্যানিয়েল ক্রিস্টিয়ান নিয়েছেন একটি করে উইকেট।অস্ট্রেলিয়ার ইনিংসকে এলোমেলো করেছেন অফ স্পিনার মোহাম্মদ হাফিজ ও সাঈদ আজমল। এই দুই অফ স্পিনার নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন ৫ উইকেট। আজমলের সংগ্রহ ৩টি ও হাফিজের সংগ্রহ ২ উইকেট। শহীদ আফ্রিদি পেয়েছেন ১টি উইকেট।সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান ১৯৮ (৪৫.১ ওভার)আসাদ শফিক ৫৬, উমর আকমল ৫২মিচেল স্টার্ক ৫/৪২, প্যাটিনসন ৩/১৯অস্ট্রেলিয়া ১৯৯/৬ (৪৮.২)মাইকেল ক্লার্ক ৬৬, বেইলি ৫৭, ম্যাক্সওয়েল ৩৮সাঈদ আজমল ৩/৩০, মোহাম্মদ হাফিজ ২/২৯, শহীদ আফ্রিদি ১/৩৭(অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী)