অস্ট্রেলিয়ার গ্রুপে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ‘বড়’রা। তবে তার আগেই ‘ছোট’দের পরীক্ষা হয়ে যাবে আরেক বিশ্বকাপে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে বাংলাদেশ দলের অন্য তিন প্রতিপক্ষের নামও জানা হয়ে গেছে গতকাল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের যুবারা খেলবে তিনবারের শিরোপাজয়ী ও বর্তমান রানার্সআপ অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নামিবিয়ার বিপক্ষে। কখনো ফাইনালে না খেলতে পারলেও এ আসরে তিনবার প্লেট চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

১৪ ফেব্রুয়ারি থেকে শুরু এ টুর্নামেন্টে বাংলাদেশ আবুধাবিতে প্রথম ম্যাচ খেলবে পরের দিন, আফগানিস্তানের বিপক্ষে। পরের দুটি ম্যাচ ১৭ ফেব্রুয়ারি (প্রতিপক্ষ নামিবিয়া) ও ১৯ ফেব্রুয়ারি (প্রতিপক্ষ অস্ট্রেলিয়া)। আইসিসির পূর্ণ সদস্য ১০টি দেশ ছাড়াও এ টুর্নামেন্টে খেলবে আফগানিস্তান, কানাডা, নামিবিয়া, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। চার গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। গ্রুপে তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া দল খেলবে প্লেট চ্যাম্পিয়নশিপে। ১ মার্চ টুর্নামেন্টের ফাইনাল হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।