অস্ট্রেলিয়ার জয়রথ থামাল দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বলে উঠলেন ‘স্টেইন-গান’!
জ্বলে উঠলেন ‘স্টেইন-গান’!

বিনা উইকেটে ১২৭! দিনের খেলা তখনো ৪৪ ওভার বাকি। আর পঞ্চম দিনের ৯০ ওভার তো পড়েই রইল। অস্ট্রেলিয়া পারবে? পারবে রোমাঞ্চকর এক জয় ছিনিয়ে আনতে? গড়তে ইতিহাস? চতুর্থ ইনিংসে ৪১৮ রান করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। টেস্টের ১৩৭ বছরের ইতিহাসে চতুর্থ ইনিংসে ৪০০ রান তাড়া করে জেতার কীর্তিই আছে মাত্র চারটা। দুটোই অস্ট্রেলিয়ার বিপক্ষে! এই তো সুযোগ ফর্মের তুঙ্গে থাকা মাইকেল ক্লার্কের দলের।
কিন্তু ইতিহাস এমনি গড়া হয় না। যে অস্ট্রেলিয়া উদ্বোধনী জুটিতেই ১২৭ তুলল, তারাই ২১৬ রানে অলআউট! মাত্র ৮৯ রানের মধ্যে ১০ ব্যাটসম্যানকে হারিয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের খেলা তখনো ওভার চারেক বাকি ছিল। ওপেনার ক্রিস রজার্স করেছেন ১০৭। অন্য ওপেনার ডেভিড ওয়ার্নার ৬৬। প্রথম দুই ব্যাটসম্যান বাদে অস্ট্রেলিয়ার বাকি নয়জনের কেউ দুই অঙ্কই ছুঁতে পারেননি, সর্বোচ্চ ইনিংস ৬ রানের! এর থেকেই বোঝা যায় কেমন তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে মাইকেল ক্লার্কের দল। সবচেয়ে করুণ অবস্থা শন মার্শের। আগের টেস্টেই দুর্দান্ত সেঞ্চুরি করা মার্শ এই ম্যাচে দুই ইনিংসেই শূন্য!
হাশিম আমলার সেঞ্চুরিতে ৫ উইকেটে ২৭০ রান তুলে ইনিংস ঘোষণা করেন স্মিথ। অস্ট্রেলিয়ার সামনে বেঁধে দেন ৪৪৮ রানের লক্ষ্য। দুই অস্ট্রেলীয় ওপেনার মিলে যখন নির্বিঘ্নে ২৯টি ওভার পার করে দিলেন, বেশ অস্বস্তিতেই পড়ে গিয়েছিলেন স্মিথ। ইনিংস ঘোষণাটা একটু আগাম হয়ে গেল কি না!
৩০তম ওভারের দ্বিতীয় বলে ওয়ার্নার ফেরার পরই শুরু হয়ে যায় অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের যাওয়া-আসা। ৫৫ রানে ৪ উইকেট নিয়ে এলেন হন্তারক ডেল স্টেইন। পরপর দু বলে মাইকেল ক্লার্ক ও স্টিভ স্মিথকে ফিরিয়ে হ্যাটট্রিকের সামনেও দাঁড়িয়েছিলেন।

একপ্রান্ত আগলে রেখে খেলেছেন রজার্স। অ্যাশেজে টানা দুটো সেঞ্চুরি করে আসা এই ওপেনারের দক্ষিণ আফ্রিকা সফরটা ভালো কাটছিল না। আগের তিন ইনিংসে করেছেন ৪, ১ এবং ৫। আজ নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৩ টেস্টে তুলে নিয়েছেন চতুর্থ সেঞ্চুরি। কিন্তু একা আর কিই বা করতে পারতেন!

এই পরাজয়ে টানা ছয় টেস্টে জেতা অস্ট্রেলিয়ার রথ থামল। সিরিজেও ১-১ সমতা ফিরল। ১ মার্চ শুরু কেপটাউনেই হবে সিরিজের মীমাংসা।