অস্ট্রেলিয়ার দুর্বলতাই ভারতের হাতিয়ার
প্রতিশোধের ম্যাচ! ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে এই অস্ট্রেলিয়ার কাছে হেরেই শিরোপা হাতছাড়া হয় ভারতের। আট বছর পর সুযোগ এসেছে সেই প্রতিশোধ নেওয়ার। আগামী বৃহস্পতিবার আহমেদাবাদে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করতে পারলে ভারতের ঘরে শিরোপা উঠবে না ঠিক, তবে কিছুটা হলেও ভারতীয়দের জ্বালা মিটবে সন্দেহ নেই।কিন্তু চাইলেই তো আর অস্ট্রেলিয়াকে বিদায় করা যাবে না। আশঙ্কা রয়েছে নিজেদের বিদায়ঘণ্টা বেজে যাওয়ারও। লড়তে হবে হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের বিপক্ষে—এবারের বিশ্বকাপে সবচেয়ে কঠিন মুহূর্তের মুখোমুখি ভারত। এই মহারণে জয়ী হওয়ার কৌশল কী? যুবরাজ সিং মনে করেন, অস্ট্রেলিয়ার দুর্বলতাই হাতিয়ার ভারতের!‘দলে গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, অ্যাডাম গিলক্রিস্ট নেই। বেশ কিছুদিন ধরে ফর্মে নেই রিকি পন্টিং। ওদের দুর্বলতাগুলো বের করেই এ ম্যাচে জয় পেতে চাই আমরা।’ বলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের জয়ের নায়ক যুবরাজ।অস্ট্রেলিয়ার রয়েছে ভয়ংকর পেস আক্রমণ। অন্যদিকে ভারতীয় ব্যাটসম্যানদের রয়েছে শর্ট বলের দুর্বলতা। তবে নিজেদের এই দুর্বলতার কথা মানতে নারাজ যুবরাজ, ‘শর্ট বলে আমাদের কোনো সমস্যা নেই। আমরা টেস্টে ১ নম্বর দল, ওয়ানডেতেও ১ নম্বরে ছিলাম। শর্ট বলে দুর্বল হলে এটা সম্ভব হতো না। আমরা জানি, অস্ট্রেলিয়ার পেস আক্রমণ ভালো। তবে ওদের পেস আক্রমণের জন্য প্রস্তুত আছি আমরা।’কোয়ার্টার ফাইনালেই পড়তে হলো অস্ট্রেলিয়ার সামনে। প্রতিপক্ষ একটু কঠিন হয়ে গেল না? যুবরাজের জবাব, ‘বিশ্বকাপ জিততে চাইলে এটা কোনো বিষয় নয়। শিরোপা ঘরে তুলতে হলে আপনাকে অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা সবাইকেই হারাতে হবে।’ ওয়েবসাইট।