অস্ট্রেলিয়ার দুশ্চিন্তার নাম বোলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই টেস্টে গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন বিদায় নেওয়ার পর সাদা পোশাক ছেড়েছেন ব্রেট লিরাও। তার পরও বোলিং নিয়ে অস্ট্রেলিয়াকে এতটা দুশ্চিন্তায় পড়তে হয়নি। কাল ভোরে শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট। ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়া নামছে গত এক দশকের সবচেয়ে অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে!চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারছেন না রায়ান হ্যারিস, মিচেল জনসন, অলরাউন্ডার শেন ওয়াটসন এবং দক্ষিণ আফ্রিকা সফরে অভিষেকেই চমক দেখানো প্যাট কামিন্স। নতুন চারজনই অভিষেকের অপেক্ষায়! তিনজন বোলার—জেমস প্যাটিনসন, বেন কাটিং ও মিচেল স্টার্ক। বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন যিনি, সেই পিটার সিডল খেলেছেন ২৫ টেস্ট।মাইকেল ক্লার্কের দলের বোলিং দৈন্য দেখেই কিনা ২৬ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড। কিউইরা অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ টেস্ট জিতেছিল ১৯৮৫ সালে। কিংবদন্তি রিচার্ড হ্যাডলির সৌজন্যে ওই সফরে সিরিজও জিতেছিল নিউজিল্যান্ড। ৩ টেস্টের সিরিজে ৩৩ উইকেট নিয়ে হ্যাডলি কিউইদের ভাসিয়েছিলেন ২-১-এ সিরিজ জয়ের আনন্দে। অস্ট্রেলিয়ার মাটিতে ওটাই নিউজিল্যান্ডের একমাত্র টেস্ট সিরিজ জয়।এরপর আর একবারই প্রতিবেশীর বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের আনন্দে মেতেছে কিউইরা, ১৯৯০ সালে একমাত্র টেস্টটি জিতেছিল ঘরের মাঠে। এবার কিউইদের বড় নায়ক ছিলেন ওই হ্যাডলিই। এরপর ১৯৯৩ সালে অকল্যান্ডের জয়টিই হয়ে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিউইদের সর্বশেষ টেস্ট জয়ের স্মৃতি। পরে আরও ১৯ টেস্ট খেললেও জয়ের দেখা নেই, হারের তিক্ততা মিলেছে ১৫ বার। সর্বশেষ ৮ সিরিজের ৭টিতেই জয়ী অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেও যখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে রস টেলরের দল, অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ বোলিং আক্রমণের কারণে তা বাড়াবাড়িও মনে হচ্ছে না!নিউজিল্যান্ডকে আরও আত্মবিশ্বাসী করছে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচটি। অভিষেকের অপেক্ষায় থাকা প্যাটিনসন, কাটিং, স্টার্কদের তুলোধুনে করেই নিউজিল্যান্ড তুলে নেয় ৮৯০ রান। জেসি রাইডার (১৭৫), ব্রেন্ডন ম্যাককালাম (১৪৬) ও অধিনায়ক টেলর (১৩৮) তিনজনই করেছেন সেঞ্চুরি।বোলিংয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা ওপেনিং জুটি নিয়েও। ওয়াটসনের জায়গায় অভিষেক হচ্ছে ডেভিড ওয়ার্নারের। তাঁর ওপেনিং পার্টনার ফিলিপ হিউজ, ১৫ টেস্ট খেলে এখন জায়গা ধরে রাখতে তাঁকে লড়াই করতে হচ্ছে।তাই জোহানেসবার্গের নাটকীয় জয়ে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ ড্র করে আসা অস্ট্রেলিয়া সত্যিই চ্যালেঞ্জের মুখে। তবে এটাও মনে রাখতে হবে, নিউজিল্যান্ডের ভয়ের কারণ হয়ে রিকি পন্টিং, মাইক হাসি, মাইকেল ক্লার্করা কিন্তু থাকছেন! এএফপি।