অস্ট্রেলিয়ার নায়ক আরেক ‘নতুন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলে নাথান লায়ন, জোহানেসবার্গে প্যাট্রিক কামিন্স। এবার ব্রিসবেনে একই কীর্তির পুনরাবৃত্তি করলেন জেমস প্যাটিনসন। তিন মাসের মধ্যে অভিষেকে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে জেতালেন তিন বোলার! গ্যাবায় কাল প্যাটিনসনের বোলিং-তোপে উড়ে গেল নিউজিল্যান্ড। ১-০-তে এগিয়ে ট্রান্স-তাসমান ট্রফি নিজেদের কাছেই রেখে দেওয়া নিশ্চিত করে ফেলল অস্ট্রেলিয়া। পূর্ণকালীন দায়িত্ব পাওয়ার পর দেশের মাটিতে অধিনায়ক মাইকেল ক্লার্কের যাত্রা শুরু হলো জয় দিয়ে। জয়ে শুরু হলো অস্ট্রেলিয়ান ক্রিকেটে মিকি আর্থার অধ্যায়েরও।প্রথম ইনিংসে ১৩২ রানে পিছিয়ে থাকা কিউইদের জন্য ম্যাচ বাঁচানো যে কঠিন হবে, জানাই ছিল। কিন্তু চতুর্থ দিন চা-বিরতির ঘণ্টা খানেক আগেই ম্যাচ শেষ হয়ে যাবে, এটা কে-ই বা ভাবতে পেরেছিল! কাল খেলা শুরুর মিনিট দশেকের মধ্যে সেটা নিশ্চিত করে দিলেন প্যাটিনসন। আগের দিন শেষ বিকেলে ব্রেন্ডন ম্যাককালামের উইকেটটি পেয়েছিলেন। কাল দিনের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারেই চার বলের মধ্যে তুলে নিলেন ৩ উইকেট! মার্টিন গাপটিলকে শর্ট লেগে উসমান খাজার ক্যাচ বানিয়ে শুরু। এরপর ইতিহাসের মাত্র চতুর্থ বোলার হিসেবে অভিষেকে হ্যাটট্রিকের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। উইলিয়ামসন ও টেলরকে টানা দুই বলে আউট করে পরের বলেই করেছিলেন দুরন্ত গতির প্রায় নিখুঁত এক ইয়র্কার। হকচকিত জেসি রাইডারের ব্যাট নামাতে দেরিও হয়ে গিয়েছিল। কিন্তু অফ স্টাম্পে বাতাস লাগিয়ে চলে যায় বল! সঙ্গে সঙ্গে অভিষেকে হ্যাটট্রিক করা একমাত্র অস্ট্রেলিয়ান ডেমিয়েন ফ্লেমিংয়ের টুইট, ‘অল্পের জন্য হলো না পাট্টো...!’হ্যাটট্রিক না হলেও ব্রেসওয়েলকে ফিরিয়ে ৫ উইকেট হয়ে গেল এক ওভার পরই। ওই ওভার শেষে প্যাটিনসনের বোলিং বিশ্লেষণ ৭-৫-৭-৫! পরে ৪ ওভার বোলিং করে আর উইকেট পাননি, কিন্তু নিউজিল্যান্ডের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে তুলে নিয়ে আসল কাজটা তো করে দিয়েছেন ২১ বছর বয়সী ফাস্ট বোলারই। রাইডার স্বভাবসুলভ পাল্টা আক্রমণের চেষ্টা করেছিলেন, বল হাতে নিয়েই তাঁকে ফিরিয়েছেন লায়ন। এই অফ স্পিনার পরে নিয়েছেন আরও ২ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট—গ্যাবায় জীবনে প্রথম বোলিং করার স্মৃতি হয়তো কখনোই ভুলবেন না লায়ন। রাইডারের পর ব্রাউনলি-ভেট্টোরির লড়াই অস্ট্রেলিয়াকে স্রেফ আবার ব্যাটিংয়ে নামাতে পেরেছে। ১৯ রান তাড়া করতেই অবশ্য ফিল হিউজকে হারায় অস্ট্রেলিয়া। চার বলে তিন চার মেরে জয় এনে দেন অভিষিক্ত ডেভিড ওয়ার্নার।অধিনায়কত্বে এমন দারুণ শুরুর পাশাপাশি ভবিষ্যৎও দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছে ক্লার্ককে। গত অ্যাশেজে ইংলিশ ব্যাটসম্যানরা একরকম উড়িয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণকে। অস্ট্রেলিয়াকে আরও অনেক দিনই ম্যাকগ্রা-গিলেস্পি-লি-ওয়ার্নের জন্য হাহাকার করতে হবে মনে হচ্ছিল। কিন্তু কামিন্স-লায়ন-স্টার্ক-প্যাটিনসনদের মতো তরুণদের হাত ধরে অস্ট্রেলীয় ক্রিকেটের সুদিন বুঝি আবার ফিরে আসছে! ওয়েবসাইট।