অস্ট্রেলিয়ার নেটে এক ‘শরণার্থী’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট স্কোয়াডে কোনো লেগ স্পিনার নেই, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেই এখন লেগ স্পিনারের বড্ড আকাল। কাল ব্রিসবেনে অস্ট্রেলিয়ার নেট অনুশীলনে তবু দেখা মিলল এক লেগ স্পিনারের। বোলিং অ্যাকশন অনেকটাই দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহিরের মতো। বোলিংয়ের ধরনেও যথেষ্ট মিল। পন্টিং-হাসিদের টানা বোলিং করে গেলেন শ্মশ্রুমণ্ডিত ওই স্পিনার। যেনতেন নেট বোলার কিন্তু তিনি নন। প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন পাকিস্তানে, অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী। ‘শরণার্থী’ ফাওয়াদ আহমেদকে নেটে খেলে তাহিরের জন্য প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়া!অ্যাবোটাবাদের হয়ে ১০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা ফাওয়াদের বাড়ি আফগান সীমান্তের কাছাকাছি। পশ্চিমা মূল্যবোধ ধারণ করে এমন একটা খেলায় জড়িত থাকার ‘অপরাধে’ মুসলিম জঙ্গিদের লক্ষ্যে পরিণত হন ফাওয়াদ। হত্যার হুমকিও দেওয়া হয়। প্রাণভয়ে ২০১০ সালে স্বল্প সময়ের ভিসায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। তাঁর আবেদন এখনো অস্ট্রেলীয় সরকারের বিবেচনাধীন। আশায় বুক বেঁধে ফাওয়াদ খেলে যাচ্ছেন মেলবোর্নের ক্লাব ক্রিকেটে। মেলবোর্ন থেকেই তাঁকে উড়িয়ে আনা হয়েছে ব্রিসবেনে।অস্ট্রেলিয়ার অনুশীলন জার্সি গায়ে চাপিয়ে অস্ট্রেলিয়ার নেটে বোলিং করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত ৩৩ বছর বয়সী লেগ স্পিনার। তাঁকে ডাকার কারণটা ব্যাখ্যা করলেন নিজেই, ‘আমার জন্য দারুণ এক সুযোগ, ওদেরও কাজে লাগবে। তাহির আর আমার উচ্চতা সমান, দুজনেরই হাই আর্ম অ্যাকশন, দুজনই খুব ভালো গুগলি পারি। ওর লেগ স্পিন বেশ বাউন্স করে, আমারও তা-ই। আমাকে খেলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের প্রস্তুতিটা ভালোই হওয়ার কথা।’ তাহির সম্পর্কে ফাওয়াদের ভালো ধারণার একটা বড় কারণ, একসময় পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দুজন ছিলেন প্রতিদ্বন্দ্বী!এই সিরিজে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সঙ্গে ইমরান তাহিরও অস্ট্রেলিয়ার জন্য বড় হুমকি। ফাওয়াদ তাই পুরো সিরিজেই নেটে বল করবেন বলে জানা গেছে। অস্ট্রেলিয়ান ওপেনার এড কাওয়ান পুরো দলের মুখপাত্র হয়ে যেন কৃতজ্ঞতাই জানালেন তাঁর প্রতি, ‘খালি চোখে দুজনের বোলিং আলাদা করা মুশকিল। প্রস্তুতিতে এমন একজনকে পাওয়া দারুণ ব্যাপার।’এবার নিশ্চয়ই আশ্রয় পেতে খুব বেশি দেরি হবে না ফাওয়াদের! এএফপি, রয়টার্স।