অস্ট্রেলিয়ার পন্টিং-সুখবর
বিশ্বকাপে যাওয়ার আগে দারুণ একটি ‘উৎসাহব্যঞ্জক’ খবর পেল অস্ট্রেলিয়া। দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক, টানা তিনটি বিশ্বকাপজয়ী খেলোয়াড় ও টানা চারটি বিশ্বকাপ ফাইনালে খেলা রিকি পন্টিং দ্রুত সেরে উঠছেন। অ্যাশেজের সময় আঙুল ভেঙে মাঠের বাইরে চলে গিয়েছিলেন পন্টিং। তবে অস্ট্রেলিয়ার ফিজিও অ্যালেক্স কন্টুরিস এখনই তাঁকে নেটে নিতে দ্বিধান্বিত। যদিও মেলবোর্নের বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হগ তাঁকে পন্টিংয়ের পুনর্বাসন-প্রক্রিয়া শুরু করার পরামর্শ দিয়েছেন।কন্টুরিস বলেছেন, ‘আমরা বিশেষজ্ঞের সঙ্গে গতকাল (শুক্রবার) দেখা করেছি, পন্টিংয়ের বর্তমান অবস্থা দেখে তিনি বেশ সন্তুষ্ট। এটা ভালো লক্ষণ। এখন দেখি, আগামী এক-দুই সপ্তাহে কী হয়।’ আগামী ‘এক-দুই সপ্তাহের পর্যবেক্ষণ’ মানে এখনো অস্ট্রেলিয়ার অধিনায়ককে ম্যাচ ফিটনেস ফিরে পেতে যেতে হবে অনেক দূর! ‘সে আবারও ব্যাট হাতে নেওয়ার আগে আমরা বলতে পারছি না তার হাতের কী অবস্থা’—পন্টিং সম্পর্কে আরও বলেছেন ফিজিও।বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। তবে এর আগেই পন্টিং সুস্থ হয়ে উঠবেন বলে দৃঢ়বিশ্বাস কন্টুরিসের। যদিও কমপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলা হবে না তাঁর। প্রেরণাদায়ী অধিনায়ককে এর আগেই দলে পাওয়ার আশায় তাকিয়ে ছিল অস্ট্রেলিয়া। তবে সেটি হয়নি বলে হতাশায় ভেঙে পড়ারও কোনো কারণ নেই। পন্টিংয়ের সেরে ওঠার খবরটাই টিম স্পিরিট বাড়াতে সাহায্য করবে। বিশ্বকাপের আগে চারবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া অবশ্য আরও কয়েকজন খেলোয়াড়ের চোট নিয়ে উদ্বিগ্ন। অফ স্পিনার নাথান হরিজ, পেসার শন টেইট ও চিরনির্ভরযোগ্য মাইক হাসি ইনজুরির সঙ্গে লড়ছেন। ওয়েবসাইট।