অস্ট্রেলিয়ার বিদেশি কোচ!
ক্রিকেট-বিশ্বে কোচের জোগান দিয়ে বেড়ায় যারা, সেই অস্ট্রেলিয়ার কোচই নাকি হতে পারেন কোনো বিদেশি! নিজেদের ইতিহাসে এখনো কোনো বিদেশিকে কোচ করেনি অস্ট্রেলিয়া। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফরম্যান্স মহাব্যবস্থাপক প্যাট হাওয়ার্ড জানিয়েছেন, টিম নিলসেনের উত্তরসূরি হিসেবে বিদেশি কাউকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সম্ভাবনা অবশ্য খুবই কম, তবে হাওয়ার্ড দায়িত্বে আছেন বলেই একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগার্স রিভিউ কমিটির সুপারিশের ভিত্তিতে গত বৃহস্পতিবার সাবেক এই রাগবি তারকাকে টিম পারফরম্যান্স মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। কোচ নিয়োগে ‘স্পেশালিস্ট’ মানা হয় হাওয়ার্ডকে। তাঁর সবচেয়ে আলোচিত নিয়োগটিই ছিল এক বিদেশি। অস্ট্রেলিয়ান রাগবি ইউনিয়ন দলের কোচ করেছিলেন নিউজিল্যান্ডের রবি ডিনসকে। দায়িত্ব নিয়েই হাওয়ার্ড বলেছেন, দলের জন্য সেরা ব্যক্তি যদি বিদেশিও হয় তবে তাঁকেই বেছে নেওয়া হবে, ‘রবি ডিনসকে যখন নিয়োগ দিয়েছিলাম, সেটাও ছিল একটা প্রথম। কিন্তু দলের জন্য তখন সেটাই প্রয়োজন ছিল। সেরা ব্যক্তিটিকেই কোচ হিসেবে বেছে নিতে হবে।’কোচ নিয়োগের সময় কোনটিকে প্রাধান্য দেবেন, সেটাও বলে দিয়েছেন ২০টি রাগবি টেস্ট খেলা ৩৭ বছর বয়সী সাবেক ফ্লাই হাফ, ‘কোচকে অধিনায়কের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। কোনো রকম বিরোধিতা থাকলে এই জুটি কাজ করবে না। দল ও অধিনায়কের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন, এটাকেই বেশি প্রাধান্য দেব।’ ওয়েবসাইট।