শচীন টেন্ডুলকারের ব্যাটিং ব্যক্তিগতভাবে খুবই পছন্দ অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের। শচীন শততম সেঞ্চুরির দেখা পেলে অন্যদের মতো আনন্দিত হবেন তিনিও। তবে এর মধ্যে একটা শর্ত আছে, সেঞ্চুরিটা হতে হবে অন্য কোনো দলের বিপক্ষে—অস্ট্রেলিয়ার বিপক্ষে নয়।ক্লার্কের আশা, অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে নিজের শততম সেঞ্চুরির দেখা পাবেন না শচীন। বক্সিং ডে টেস্টের দুই দিন আগে আজ শনিবার ক্লার্ক বলেছেন, ‘শচীনের শততম সেঞ্চুরি পাওয়ার অবশ্যই সম্ভাবনা রয়েছে। তবে আশা করছি, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এটা ঘটবে না। পরবর্তী কোনো সিরিজে হলেই আমি তাঁর এই কৃতিত্বে খুশি হব।’লিটল মাস্টারের প্রশংসা করতেও ভুলেননি ক্লার্ক। বলেছেন, ‘শচীন অবিশ্বাস্য একজন ক্রিকেটার। তাঁর ব্যাটিং সত্যিই আমি উপভোগ করি। শচীন যদি শততম সেঞ্চুরির দেখা পান, এর পুরো কৃতিত্বই পাবেন তিনি। আমি শচীনের ভালো চাই। কিন্তু তাঁর শততম সেঞ্চুরিটা হোক ভারতের পরবর্তী কোনো সিরিজে।’ ওয়েবসাইট।